এক নজরে
নাগমার নিরাপত্তা
লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশ থেকে কংগ্রেসের প্রার্থী অভিনেত্রী নাগমার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন কংগ্রেস। দলটির পক্ষ থেকে সাবেক এই অভিনেত্রীর নিরাপত্তা বাড়াতে নির্বাচন কমিশনের কাছে আহ্বান জানানো হয়েছে। ইতিমধ্যে নির্বাচনী প্রচারণাকালে নাগমা হয়রানির শিকার হন বলে অভিযোগ আছে। কংগ্রেস পক্ষ থেকে নাগমার জন্য বাড়তি নিরাপত্তা চেয়ে পাঠানো চিঠিতে বলা হয়, জনতাকে নিয়ন্ত্রণে রাখতে বিশেষ নিরাপত্তা নেওয়া প্রয়োজন। এনডিটিভি।
সবচেয়ে গরিব!
লোকসভা নির্বাচনের সঙ্গে সঙ্গে এবার ওডিশায় অনুষ্ঠিত হচ্ছে বিধানসভার নির্বাচনও। এই বিধানসভা নির্বাচনে সবচেয়ে গরিব প্রার্থী হলেন ওডিশার মালকানগিরি জেলার চিত্রকোন্ডার প্রার্থী জগবন্ধু গোদাঙ্গী (৩৪)। মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা সম্পত্তির বিবরণে তিনি জানান, তাঁর নিজের কোনো স্থাবর-অস্থাবর সম্পত্তি এমনকি ব্যাংকে কোনো নগদ অর্থ নেই। কীভাবে নির্বাচনে খরচ চালাবেন, এমন প্রশ্নে তিনি বলেন, তিনি ভূম্য সম্প্রদায়ের মানুষ। এই সম্প্রদায়ের ৩০ হাজার মানুষ তাঁর খরচ বহন করবে। কলকাতা প্রতিনিধি।
কেজরিওয়ালের লক্ষ্য
আম আদমি পার্টির (এএপি) প্রধান অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, তিনি ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদিকে পরাজিত করবেন। তাঁর বিজেপিতে যোগ দেওয়ার বিষয়ে গুজব উড়িয়ে দিয়েছেন তিনি। গতকাল বুধবার পূর্ব দিল্লিতে এএপির প্রার্থী রাজমোহন গান্ধীর পক্ষে নির্বাচনী সমাবেশে কেজরিওয়াল বিজেপি ও ক্ষমতাসীন কংগ্রেস দলের তীব্র সমালোচনা করেন। দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী কেজরিওয়াল বলেন, পার্লামেন্টে যাওয়াই তাঁর মুখ্য উদ্দেশ্য নয়। এমন হলে আসন্ন লোকসভা নির্বাচনে তিনি নিরাপদ আসনে প্রার্থী হতেন। তা না করে লড়ছেন মোদির বিরুদ্ধে। আইএএনএস।
মোদি ‘গুণ্ডা’
লোকসভা নির্বাচনে বিরোধীদল বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদিকে হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) ‘গুন্ডা’ বলে আখ্যায়িত করেছেন কংগ্রেসের নেতা বেনি প্রসাদ ভার্মা। গুজরাটের গোন্ডাতে এক জনসভায় ভাষণ দেওয়ার সময় এই মন্তব্য করেন তিনি। বেনি প্রাসাদ অভিযোগ করেন, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের অবিসংবিদিত নেতা মহাত্মা গান্ধী আরএসএস ও বিজেপির কারণেই হত্যার শিকার হন। তিনি বলেন, ‘নরেন্দ্র মোদি আরএসএস-এর গুন্ডা আর রাজনাথ সিং (বিজেপির সভাপতি) তাঁর দাস।’ জি নিউজ।