সোনিয়ার গাড়ি নেই
ভারতের লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশের রায়বেরিলি আসনে গত বুধবার মনোনয়নপত্র দাখিল করেছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। মনোনয়নপত্রের সঙ্গে জমা দিয়েছেন সম্পদ বিবরণীও। সোনিয়ার জমা দেওয়া সম্পদ বিবরণী অনুযায়ী, তাঁর স্থাবর-অস্থাবর মোট সম্পত্তির পরিমাণ নয় কোটি ২৮ লাখ রুপি। তবে তাঁর নিজের নামে কোনো ব্যক্তিগত গাড়ি নেই। সোনিয়া গান্ধী তাঁর সম্পদ বিবরণীতে উল্লেখ করেন, তাঁর রয়েছে ছয় কোটি ৪৭ লাখ রুপির স্থাবর ও দুই কোটি ৮১ লাখ রুপির অস্থাবর সম্পত্তি। কলকাতা প্রতিনিধি
লিপস্টিক নয়
লোকসভা নির্বাচন সামনে রেখে কঠোর নীতি গ্রহণ নিয়েছে তৃণমূল কংগ্রেস। সম্প্রতি দলটির পক্ষ থেকে নেতা-কর্মীদের উদ্দেশে জারি করা এক নির্দেশনায় বলা হয়েছে, নারী নেতা-কর্মীরা নির্বাচনকালীন সময়ে লিপস্টিক লাগাতে পারবেন না। আর কোনো পুরুষ নেতা-কর্মী মদ্য পান করতে পারবেন না। তবে এসব উদ্যোগ নির্বাচনে কতটুকু প্রভাব ফেলবে, বিষয়টি নিয়ে দলটির নেতা-কর্মীদের মধ্যে যথেষ্ট সংশয় রয়েছে। সিএনএন।
এবার ছেলে...
বাবার পক্ষে প্রচারণা চালানোর কারণে বিজেপির বিদ্রোহী প্রার্থী যশোবন্ত সিংয়ের ছেলে মানবেন্দ্রের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে যাচ্ছে বিজেপি। বিভিন্ন সূত্রে জানা গেছে, মানবেন্দ্র বিজেপির নেতা হয়েও দলের বিদ্রোহী প্রার্থী তাঁর বাবা যশোবন্ত সিংয়ের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে, তাঁকে দল অথবা পরিবার—এ দুটির যেকোনো একটি বেছে নিতে হবে। রাজস্থানের বারমার আসনে যশোবন্ত স্বতন্ত্র প্রার্থী হন। এনডিটিভি।
অস্ত্র সুচিত্রা সেন
মহানায়িকা সুচিত্রা সেনকে তাঁর মেয়ে মুনমুন সেন নির্বাচনের অস্ত্র হিসেবে ব্যবহার করছেন বলে অভিযোগ করেছেন সিপিএমের নেতা বাসুদেব আচারিয়া। পশ্চিমবঙ্গের বাঁকুড়া আসনে তাঁর বিপক্ষে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়ছেন মুনমুন। বাসুদেব অভিযোগ করেন, তিনি যেখানেই প্রচারণায় যান, সেখানেই মা সুচিত্রা সেনের কথা বলেন। প্রচারের নানা পোস্টার ও ব্যানারেও আছে তাঁর মায়ের ছবি। কলকাতা প্রতিনিধি।
শারদও মানেন
ভারতের লোকসভায় একক বৃহত্তম দল হিসেবে বিজেপির উত্থান হতে পারে। তবে দলটির নেতৃত্বাধীন এনডিএ জোট সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ২৭২টি আসন পাবে না। ক্ষমতাসীন ইউপিএ জোটের শরিক জাতীয় কংগ্রেস পার্টির (এনসিপি) প্রধান এবং বর্তমান কৃষিমন্ত্রী শারদ পাওয়ার গত বুধবার এই মন্তব্য করেন। দলটির পরই হবে কংগ্রেসের অবস্থান। টাইমস অব ইন্ডিয়া।