এক নজরে মালদ্বীপ
মালদ্বীপ ১৯৬৫ সালের ২৬ জুলাই ব্রিটিশ কমনওয়েলথ থেকে পূর্ণ স্বাধীনতা লাভ করে। এর পর থেকে দেশটির উল্লেখযোগ্য ঘটনাবলি— ১৯৬৮: গণভোটের মাধ্যমে দেশটির সুলতানকে সরানো হয়। ইব্রাহিম নাসির প্রেসিডেন্ট হন। প্রজাতন্ত্রের যাত্রা শুরু হয়।১৯৭৮: নাসির অবসর নেন এবং প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মামুন আবদুল গাইয়ুম। গাইয়ুম টানা ৩০ বছর দেশটি শাসন করেন।১৯৯৮: গণভোটে পঞ্চমবারের মতো প্রেসিডেন্ট হন গাইয়ুম।২০০৫: বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে জুনে পার্লামেন্ট নির্বাচন হয়। দুই মাস পর আরও বেশ কিছু বিরোধী নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়। প্রধান বিরোধী ও গণতন্ত্রপন্থী দলের নেতা মোহাম্মদ নাশিদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড উসকে দেওয়ার অভিযোগ আনা হয়। ২০০৭: রাজধানী মালেতে বোমা বিস্ফোরণে ১২ জন বিদেশি পর্যটক আহত হন। ২০০৮: জানুয়ারিতে আততায়ী হামলার হাত থেকে বেঁচে যান গাইয়ুম। অক্টোবরে দেশটির প্রথম বহুদলীয় প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফা ভোটে গাইয়ুমকে পরাজিত করেন নাশিদ। ২০১১: নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ও প্রেসিডেন্ট নাশিদের পদত্যাগের দাবিতে সরকারবিরোধীরা রাস্তায় বিক্ষোভ শুরু করে। এ সময় বেশ কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেপ্তার ও নির্যাতন করা হয় বলে বিরোধীরা দাবি করে।২০১২: একজন জ্যেষ্ঠ বিচারককে গ্রেপ্তার করতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়ে সংবিধানবিরোধী কাজ করার প্রতিবাদে ও প্রেসিডেন্ট নাশিদের পদত্যাগের দাবিতে ১৯ জানুয়ারি শত শত বিক্ষোভকারী মালের রাস্তায় নেমে আসে। এএফপি।