এক নারীর প্রেমে যত ফুটবলার!
ফুটবলারদের প্রেম কী?—এ প্রশ্নের চটজলদি উত্তর হয়তো মিলবে ‘ফুটবল’। কিন্তু ফুটবলের বাইরেও তাঁদের একটি জগৎ আছে। সেই জগতে আছে কারও প্রেম, কারও বিচ্ছেদ কিংবা কারও সংসার। ফুটবলারদের অনেকে গোপনে চুটিয়ে প্রেম করছেন। পাপারাজ্জিদের সুবাদে তা হয়তো ভক্তরা কখনো কখনো দেখতে পান। আবার কেউ-বা প্রকাশ্যে প্রেমিকার বাহুলগ্ন হয়ে খেলার মাঠে ঢুকে পড়েন। তারপর প্রেমিক খেলোয়াড়ের জন্য গ্যালারিতে বসে সেই প্রেমিকার উচ্ছ্বাসও দেখেছে বিশ্ববাসী। কিন্তু জানেন কি, একই প্রেমিকার প্রেমে বিভিন্ন সময় হাবুডুবু খেয়েছেন বিশ্বসেরা একাধিক ফুটবলার!
মেনসএক্সপি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্যই তুলে ধরা হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, তিনবার ব্যালন ডি’অর পাওয়া ক্রিস্টিয়ানো রোনালদো থেকে জার্মানির সেরা ফুটবলার মেসুত ওজিল পর্যন্ত একই নারীর প্রেম হাবুডুবু খেয়েছেন। দেখে নিন কয়েকজন বিশ্বসেরা ফুটবলারের একই প্রেমিকার নাম—

গেমা অ্যাটকিনসন
ব্রিটিশ টেলিভিশন ব্যক্তিত্ব ও জনপ্রিয় মডেল এই তরুণী। ক্রিস্টিয়ানো রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডে খেলার শুরুর দিকে এই তরুণীর প্রেমে পড়েন। কয়েকবার ডেটিংও করেছেন তাঁর সঙ্গে। তবে রোনালদো প্রেমের ইতিহাস পর্যালোচনা করলে সহজেই অনুমান করা যায় যে এই প্রেম বেশি দিন টেকেনি।
এর আগে এই তরুণীর প্রেমে পড়েন সাবেক ব্রিটিশ স্ট্রাইকার মারকাস নাথান বেন্ট। একপর্যায়ে সম্পর্কের টানাপোড়েন হওয়ায় অ্যাটকিনসনকে ছেড়ে সাবেক মিস ইংল্যান্ড ও মিস গ্রেট ব্রিটেন ড্যানিয়েল লয়েডের সঙ্গে ডেটিং শুরু করেন এই স্ট্রাইকার। এই সম্পর্ক ভেঙে গেলে আবারও অ্যাটকিনসন-বেন্টের সম্পর্ক জোড়া লাগে। যদিও তা কয়েক মাসের বেশি টেকেনি।

এলিজাবেথ রিয়েস
৩১ বছর বয়সী এই তরুণী সাবেক মিস স্পেন সুন্দরী। প্রথমে এই তরুণী স্প্যানিশ ডিফেন্ডার ও রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার সার্জিও রামোসের সঙ্গে প্রেম করেন। এই প্রেম ভেঙে গেলে তাঁর প্রেমে পড়েন আরেক স্প্যানিশ ফুটবলার অ্যালেক্সিস রুয়ানো দেলগাদো। এর পরেই রাশিয়ার এফসি রুবিন কাজান ক্লাবের হয়ে খেলা স্প্যানিশ ফুটবলার সার্জিও সানচেজ ওর্তেগাকে বিয়ে করে থিতু হন এই স্পেন সুন্দরী।
আইদা ইয়েসপিকা

ভেনেজুয়েলার অভিনেত্রী ও মডেল আইদা ইয়েসপিকার বয়স এখন ৩৪। এই নারীর সঙ্গে টানা দুই বছর প্রেম করেন ইতালির ফুটবলার মাত্তেও ফেরারি। তাঁদের ঘরে সে সময় এক ছেলে সন্তানের জন্ম হয়। অ্যারন ফেরারি নামের ওই সন্তানের বয়স এখন আট। মাত্তেওর সঙ্গে বিচ্ছেদের পর বেশি দিন একা কাটাতে হয়নি এই নারীকে। এরপরই তিনি জার্মানির ফুটবলার মেসুত ওজিলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। পরে ২০১২ সালে লিওনার্দো গনজালেস নামের ভেনেজুয়েলার এক আইনজীবীকে বিয়ে করেন এই অভিনেত্রী।
নেরেইদা গালারদো

স্প্যানিশ মডেল নেরেইদা গালারদো। একই সময়ে এই নারীর প্রেমে পড়ে বেশ বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন রিয়াল তারকা সার্জিও রামোস ও রোনালদো। ২০০৭ সালে এক নাইটক্লাবে রামোসের সঙ্গে দেখা হয় গালারদোর। সেখানেই তাঁরা সংক্ষিপ্ত সময়ে ডেট করেন। এরপর ২০০৮ সালে এই মডেলের প্রেমে পড়েন রোনালদো। রোনালদোর বাড়িতেই টানা বেশ কয়েক দিন ডেট হয় গালারদোর। এভাবে নয় মাস প্রেমে চলার পর এক খুদে বার্তা পাঠিয়ে সম্পর্ক ভেঙে ফেলেন রোনালদো। হঠাৎ এই বিচ্ছেদ মেনে নিতে পারেননি গালারদো। স্প্যানিশ এক টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে এই মডেল উল্টো অভিযোগ করেন, রোনালদো বিছানায় নিষ্ক্রিয় থাকতেন।
রাফায়েলা ফিকো

মাত্র ২১ বছর বয়সে ইতালির এই সংগীত তারকা ও মডেল ১০ লাখ ইউরোর প্রত্যাশায় তাঁর কুমারীত্ব নিলামে তুলেছিলেন। পরে অবশ্য এ অবস্থান থেকে তিনি সরে এসেছিলেন। এর পরেই ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। ১১ মাস পর তাঁদের বিচ্ছেদ হয়। এই সম্পর্কের সময়েই ফিকো কুমারীত্ব হারান বলে অভিযোগ করেন। শুধু তা-ই নয়, তিনিও স্প্যানিশ মডেল নেরেইদা গালারদোর মতো অভিযোগ তোলেন, রোনালদো মাঠে যা-ই হোক, বিছানায় নিষ্ক্রিয়।
২০১১ সালে ফিকো নতুন করে প্রেমে পড়েন ইতালির স্ট্রাইকার মারিও বালোতেল্লির। খুব অল্প সময়ের মধ্যেই তাঁদের বিচ্ছেদ হয়। এরপরই ফিকো ঘোষণা দেন, তিনি বালোতেল্লির মা হতে যাচ্ছেন। তবে বিষয়টি অস্বীকার করেন বালোতেল্লি। পরে ডিএনএ পরীক্ষার পর নিশ্চিত হয় যে ফিকোর ওই কন্যাসন্তানের বাবা বালোতেল্লিই। ওই সন্তানের নাম পিয়া বালোতেল্লি।