এক প্রজন্মের মধ্যেই মঙ্গলে যাবে মানুষ!
মাত্র এক প্রজন্মের মধ্যেই মঙ্গল গ্রহের মাটিতে মানুষের পা পড়বে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিশেষ যান কিউরিওসিটি লাল গ্রহখ্যাত মঙ্গলে সফলভাবে অবতরণের পর এ কথা বলেছেন যুক্তরাজ্যের একজন ‘অ্যাস্ট্রোনোমার রয়্যাল’। তাঁর মতে, মঙ্গলে নভোচারীদের পদার্পণ এখন সময়ের ব্যাপার।অ্যাস্ট্রোনোমার রয়্যাল হচ্ছে যুক্তরাজ্যের রাজপরিবারের একটি জ্যেষ্ঠ পদ। বর্তমানে এই পদে রয়েছেন বিশ্বখ্যাত জোতির্বিজ্ঞানী স্যার মার্টিন জন রিস। যুক্তরাজ্যের লুডলো কাউন্টির লর্ড জন রিস বলেন, মঙ্গল গ্রহে জীবনধারণের পরিবেশ অনুসন্ধানে নাসার মিশনটি হচ্ছে পৃথিবীর নিকটতম এই গ্রহে মানুষের পদার্পণের প্রথম ধাপ। অনুসন্ধানী এই প্রকল্প ‘মানুষ-পরবর্তী যুগ’ সূচনার ইঙ্গিত হতে পারে। যদিও সৌরজগতে ভ্রমণসম্পর্কিত অনেক ঝুঁকি রয়েছে। টাইমস-এ লেখা এক নিবন্ধে জোতির্বিজ্ঞানী লর্ড রিস বলেন, ‘এটা দাবি করা বোকামি যে, বিপুল জনগোষ্ঠী অন্য কোনো গ্রহে স্থানান্তর হলেই পৃথিবীর সমস্যাগুলো থেকে রেহাই পাওয়া যাবে। অনেকেই এমন বিশ্বাস করে। তবে আমি মনে করি ও আশা করি, বর্তমানে যেসব মানুষ বসবাস করছে, তাদের কেউ মঙ্গলে পা রাখবে। আর, এখন থেকে আগামী এক বা দুই শতাব্দী পরে অকুতোভয় কোনো অভিযাত্রীর ছোট ছোট গ্রুপ সেখানে গিয়ে বসবাস শুরু করতে পারে। না হলে পৃথিবীর থেকে সম্পূর্ণ স্বতন্ত্র কোনো গ্রহাণুপুঞ্জে গিয়েও বসবাস করতে পারে।’বিজ্ঞানীরা যেহেতু মঙ্গল সম্পর্কে অনেক অনেক বেশি জানতে পারছেন, সেহেতু এই গ্রহে বা গ্রহের বাইরে একধরনের নাটকীয় সাংস্কৃতিক ও প্রযুক্তিগত বিবর্তন ঘটবে বলেই অনুমান লর্ড রিসের। নাসার পাঠানো মহাকাশ গবেষণাযান কিউরিওসিটি গত ৬ আগস্ট সোমবার বাংলাদেশ সময় ১১টা ৩২ মিনিটে মঙ্গল গ্রহে অবতরণ করে। মঙ্গলে প্রাণের অস্তিত্ব খোঁজাসহ বিভিন্ন ধরনের পরীক্ষা চালাবে যানটি। নাসার বিজ্ঞানীরা জানান, কিউরিওসিটি গত বুধবার প্রথমবারের মতো রঙিন ছবি পাঠিয়েছে। শিগগিরই যানটি মঙ্গলের মাটি বিশ্লেষণের কাজ শুরু করবে। রয়টার্স, দ্য টেলিগ্রাফ।