হামাসের বিরুদ্ধে চালানো অভিযানে গতকাল সোমবার ইসরায়েলি সেনাদের গুলিতে এক ফিলিস্তিনি মারা গেছেন। এদিকে গত রোববার রাতভর অভিযানে ইসরায়েলি সেনারা ফিলিস্তিন পার্লামেন্টের স্পিকারসহ ৪০ জনকে গ্রেপ্তার করেছে। খবর এএফপির।
তিন কিশোরকে অপহরণের ঘটনায় হামাসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সেনাবাহিনী হেবরন শহরে এই অভিযান চালায়। সেনাবাহিনী বলেছে, বৃহস্পতিবার রাতে দক্ষিণ-পশ্চিম তীরের বসতি থেকে তাঁদের অপহরণ করে হামাসের জঙ্গিরা। অপহৃত তিন কিশোর হলো টালমন বসতির গিলাদ শায়ের (১৬), নফ আয়ালনের এলাকার নাফতালি ফ্রেনকেল (১৬) ও ইলাদ শহরের আইয়াল ইফরাক (১৯)। তাঁদের উদ্ধারের জন্য এ পর্যন্ত ১৫০ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হয়েছে।
কয়েক বছরের মধ্যে হওয়া সবচেয়ে বড় এই অভিযানে হাজার খানেক সেনা অংশ নেয়। রামাল্লার উত্তরে এক শরণার্থী শিবিরে সেনাদের সঙ্গে সংঘর্ষে ১৯ বছর বয়সী আহমেদ আরাফাত সাবারিন নিহত হন৷ গ্রেপ্তার হওয়া ৪০ জনের মধ্যে ফিলিস্তিন পার্লামেন্টের স্পিকার আজিজ দয়িক ছাড়াও হামাসের সক্রিয় কর্মী ও নেতারাও আছেন বলে জানিয়েছে ইসরায়েলি সেনারা।
তবে, ফিলিস্তিন প্রিজনার্স ক্লাবের মুখপাত্র আমানি সারাহনা বলেন, ৬০ জনেরও বেশি ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এ সংখ্যা আরও বাড়তে পারে। কারণ গ্রেপ্তার অভিযান এখনো চলছে। সেনাবাহিনীর আনুষ্ঠানিক মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল পিটার লারনার বলেছেন, ‘আমরা অপহৃতদের খঁুজে বের করতে ও অপরাধীদের শাস্তি দিতে বদ্ধপরিকর।’