এক বছরের মধ্যেই পারমাণবিক বোমা বানাতে পারে ইরান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইরান এক বছরের মধ্যে পারমাণবিক বোমা তৈরি করতে সক্ষম হতে পারে। কাজেই তেহরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর বিষয়টি টেবিলেই রয়েছে।ইসরায়েল সফরের আগে গতকাল শুক্রবার সে দেশের বেসরকারি চ্যানেল ২ টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে ওবামা এ কথা বলেছেন। ইরানের সামরিক বাহিনীর পারমাণবিক বোমার সক্ষমতা অর্জনের সুনির্দিষ্ট সময়সীমা উল্লেখ করে তিনি বলেন, ইরানের চূড়ান্ত পারমাণবিক শক্তি অর্জনের শেষ মুহূর্ত পর্যন্ত ওয়াশিংটন অপেক্ষা করবে না।তিন দিনের সফরে ২০ মার্চ প্রেসিডেন্ট ওবামার ইসরায়েল পৌঁছার কথা। ২০০৮ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে এটাই তাঁর প্রথম ইসরায়েল সরকার। সফরকালে তাঁর ফিলিস্তিনি ভূখণ্ডেও যাওয়ার কথা রয়েছে।সাক্ষাৎকারে ওবামা বলেন, ‘ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি আমার বার্তাটা আগের মতোই; আমরা যদি কূটনৈতিকভাবে সমস্যার সমাধান করতে পারি, সেটা টেকসই সমাধান হবে। কিন্তু সেটা সম্ভব না হলে টেবিলে যেসব বিকল্প রাখা হয়েছে, সেগুলো আমরা এগিয়ে নেব।’সমস্যার যৌক্তিক সমাধান না হলে ইরানের পারমাণবিক স্থাপনায় সামরিক হামলা চালানো হবে কি না—এমন প্রশ্নের জবাবে ওবামা বলেন, ‘যেহেতু আমি বলেছি সব ধরনের বিকল্পই টেবিলে রয়েছে; সে ক্ষেত্রে হামলা চালানোর সম্ভাবনা আছে এবং অবশ্যই যুক্তরাষ্ট্রের সেই শক্তি আছে।’ওবামা আরও বলেন, ‘তবে আমাদের মূল লক্ষ্য হচ্ছে এটা নিশ্চিত করা যে ইরান পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করছে না, যা ইসরায়েলের জন্য বড় ধরনের হুমকি এবং এই অঞ্চলে অস্ত্রের প্রতিযোগিতা আরও উসকে দিতে পারে। এটা হলে এই অঞ্চলের নিরাপত্তা হুমকিতে পড়বে এবং ইতিমধ্যে স্পষ্টতই এ ধরনের অনেক কিছু ঘটে গেছে।’ওয়াশিংটন, ইসরায়েল ও বেশ কিছু পশ্চিমা দেশের অভিযোগ, ইরান শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির নামে বোমা তৈরির চেষ্টা করছে। তবে তেহরান তা অস্বীকার করে আসছে।ইসরায়েল-ফিলিস্তিনের কথা শুনবেন ওবামা: ওবামা বলেছেন, আসন্ন ইসরায়েল ও ফিলিস্তিন অঞ্চলে সফরকালে তিনি কেবল দুই পক্ষের কথা শুনবেন। দুই বছরের বেশি সময় ধরে বন্ধ থাকা শান্তি আলোচনা এগিয়ে নেওয়ার ব্যাপারে দেশ দুটির নেতাদের দৃষ্টিভঙ্গির কথা জানবেন তিনি। এএফপি।