এক বছরের মাথায় ফ্রাঁসোয়া ওলাঁদের জনপ্রিয়তায় ধস
ফ্রান্সের প্রেসিডেন্ট হিসেবে চলতি মাসেই এক বছর পূর্ণ করতে যাচ্ছেন ফ্রাঁসোয়া ওলাঁদ। এই সময়ের মধ্যে তিনি বেশ কিছু প্রতিশ্রুতি পূরণ করেছেন। কিছু প্রতিশ্রুতি পুরোপুরি বাস্তবায়নে ব্যর্থ হয়েছেন। আবার কিছু প্রতিশ্রুতি একেবারেই পূরণ করতে পারেননি। দায়িত্ব নেওয়ার এক বছরের মাথায় ওলাঁদের জনপ্রিয়তায় ধস নেমেছে। জরিপে দেখা গেছে, আধুনিক ফ্রান্সের প্রেসিডেন্টদের মধ্যে সবচেয়ে অজনপ্রিয় প্রেসিডেন্ট তিনি। ওলাঁদ যেসব নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করেছেন, তার মধ্যে অন্যতম হলো সমলিঙ্গের বিয়ে ও এমন দম্পতিকে দত্তক নেওয়ার অনুমোদন প্রভৃতি। সম্প্রতি জরিপকারী প্রতিষ্ঠান আইএফওপির এক জরিপে দেখা গেছে, ওলাঁদের কাজে ৭৪ শতাংশ নাগরিকই সন্তুষ্ট নন। ১৯৫৮ সালের পর ফ্রান্সের কোনো প্রেসিডেন্টের জনপ্রিয়তায় এত ধস নামেনি। ২০১২ সালের ৬ মে প্রেসিডেন্ট নির্বাচিত হন ওলাঁদ। ১৬ মে তিনি শপথ গ্রহণ করেন। এএফপি।