এক বছরের সবেতন ছুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছর ‘সীমাহীন’ ছুটির নিয়ম ঘোষণার পর আরেক চমক দিলেন ব্রিটিশ ধনকুবের ভার্জিন গ্রুপের মালিক রিচার্ড ব্র্যানসন। কিছুসংখ্যক কর্মীকে পুরো এক বছরের সবেতন মাতৃত্ব বা পিতৃত্বকালীন ছুটি দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। বিনিয়োগ ব্যবসা শাখার লন্ডন ও জেনেভা অফিস চাকরির মেয়াদ চার বছর বা তার বেশি হয়েছে এমন কর্মীদের এ সুবিধা দেওয়া হবে। রিচার্ড ব্র্যানসন তাঁর ব্লগে লিখেছেন, ‘আপনি যদি কর্মীকে দেখেন তবে কর্মীও প্রতিষ্ঠানকে দেখবে। চার দশকের বেশি সময় ধরে এ দর্শন আমাদের কাজে লেগেছে। ভার্জিনে আমরা যা করি তার ভিত্তিই এটা।’ ব্র্যানসন আরও বলেছেন, ‘একজন বাবা এবং এখন তিনটি চমৎকার নাতির নানা হিসেবে আমি জানি, একটি শিশুর প্রথম বছর কেমন জাদুকরি হতে পারে। তবে একই সঙ্গে জানি, কতটা কঠিন পরিশ্রম এর সঙ্গে জড়িয়ে থাকে। প্রিয় মানুষের সঙ্গে যতটা সম্ভব বেশি সময় কাটানোটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে জীবনের প্রথম দিকে।’
এনডিটিভি