এক মঞ্চে ওবামা, বুশ ও ক্লিনটন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূমিকম্পে বিধ্বস্ত হাইতির দুর্যোগ মোকাবিলায় গত শনিবার একসঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা, সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ও বিল ক্লিনটন। হোয়াইট হাউসের রোজ গার্ডেনে এক মঞ্চে দাঁড়িয়ে হাইতির দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন তাঁরা।রিপাবলিকান পার্টির সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ও ডেমোক্রেটিক পার্টির সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন দুজনই প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতি কৃতজ্ঞতা জানান। হাইতির জন্য তাত্ক্ষণিক ও দ্রুত সরকারি পদক্ষেপ এবং ত্রাণ উদ্যোগে তাঁদের সম্পৃক্ত করার জন্য প্রেসিডেন্টের আহ্বানের প্রশংসা করেন তাঁরা। বুশ ও ক্লিনটন সরকারের পাশাপাশি দুর্দশাকবলিত হাইতির জন্য ব্যাপক বেসরকারি ত্রাণ সংগ্রহের ঘোষণা দিয়েছেন।প্রেসিডেন্ট বারাক ওবামার আহ্বানে সাড়া দিয়ে সব রাজনৈতিক বাধা ভুলে গিয়ে বুশ ও ক্লিনটন শনিবার হোয়াইট হাউসে যান। এক বছর আগে হোয়াইট হাউস ত্যাগের পর আট বছরের চেনা আঙিনায় প্রথম পা রাখেন রিপাবলিকান নেতা জর্জ বুশ।রোজ গার্ডেনে সাবেক দুই প্রেসিডেন্টকে পাশে রেখে ওবামা বলেন, ‘এভাবে একত্র হওয়ার মাধ্যমে দুই নেতা হাইতির জনগণ ও বিশ্ববাসীর কাছে একটি নির্ভুল বার্তা পাঠালেন যে, এই কঠিন সময়ে আমেরিকা ঐক্যবদ্ধ। হাইতিবাসীকে আগের স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিতে আমরা একত্র হয়েছি। আমরা তাদের উদ্ধার ও পুনর্গঠন কার্যক্রমে সহযোগিতা করব।’ হাইতিবাসীর সহায়তায় ঐক্যবদ্ধ হওয়ার জন্য জর্জ বুশ ও বিল ক্লিনটনের প্রশংসা করেন ওবামা।গত মঙ্গলবার ৭ মাত্রার ভূমিকম্পে হাইতি বিধ্বস্ত হওয়ার পর ইতিমধ্যে যুক্তরাষ্ট্র তাদের ইতিহাসে অন্যতম বৃহত্ ত্রাণ সহযোগিতা ঘোষণা করেছে। দুর্গত হাইতিবাসীর প্রতি সমবেদনা জানিয়ে জর্জ বুশ বলেন, ক্লিনটনের সঙ্গে কাজ করে তিনি সন্তুষ্ট। হাইতির চ্যালেঞ্জটি বিশাল। তবে ত্রাণ প্রচেষ্টায় নেতৃত্ব দেওয়ার মতো আগ্রহী অনেক ব্যক্তি আছেন। দুর্গত হাইতিবাসীর জন্য সবার প্রতি অর্থ সহায়তার আহ্বান জানান তিনি।জাতিসংঘে হাইতিবিষয়ক মার্কিন দূত সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন বলেন, হাইতিবাসীর জন্য এখন অগ্রাধিকার ভিত্তিতে জাহাজে করে খাবার, ওষুধ ও পানি পাঠানো দরকার।