ভারতের গুজরাটে দাঙ্গায় তিনজনকে হত্যার দায়ে এক বিশেষ আদালত নয় ব্যক্তিকে দোষী সাব্যস্ত করেছেন। দাঙ্গার সময় রাজ্যের ওদে গ্রামের সংখ্যালঘু সম্প্রদায়ের ওই তিন ব্যক্তিকে হত্যা করা হয়। গতকাল শুক্রবার আনন্দ শহরের ওই বিশেষ আদালত অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে নয়জনকে দোষী সাব্যস্ত করেন। অভিযুক্ত অন্য ৩২ জনকে খালাস দেওয়া হয়েছে।বিশেষ আদালতের বিচারক আর এম সারিন ওই নয়জনকে দণ্ডবিধির দুই ধারা হত্যা (৩০২) ও অপরাধমূলক ষড়যন্ত্রের দায়ে (১২০বি) দোষী সাব্যস্ত করেন। তবে তাঁদের শাস্তির মেয়াদ পরে ঘোষণা করা হবে। সাজাপ্রাপ্ত নয়জন হলেন: হরিশ প্যাটেল, বসন্ত প্যাটেল, লালা ওরফে নিলেশ প্যাটেল, টিনা ওরফে মহেশ প্যাটেল, মিমেশ প্যাটেল, প্রকাশ ওরফে প্যাকো প্যাটেল, রিতেশ প্যাটেল, অশোক প্যাটেল ও কিরিত প্যাটেল। ভারতীয় সুপ্রিম কোর্টের নিয়োগ করা বিশেষ একটি দল মামলাটির তদন্ত করে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের পরিচালক আর কে রাঘবনের নেতৃত্বে পরিচালিত তদন্তে ওই নয়জনের বিরুদ্ধে হত্যার অভিযোগ প্রমাণিত হয়। ২০০২ সালের ১ মার্চ দাঙ্গায় গুজরাটের মালভা ভাগোল অঞ্চলের ওদে গ্রামে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের আয়েশা ভোহরা, নুরিবেন ভোহরা ও কাদেরভাই ভোহরাকে হত্যা করা হয়। ওই বছরের ২৭ ফেব্রুয়ারি গোধরায় ট্রেনে আগুন দেওয়াকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া দাঙ্গার অংশ হিসেবেই ওদেতে এ হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় রেহানা ইউসুফভাই ভোহরা নামের এক ব্যক্তি ৪১ জনকে অভিযুক্ত করে মামলা করেন। ওদে গ্রামের দাঙ্গার ঘটনায় রায় হওয়া মামলাগুলোর মধ্যে এটি দ্বিতীয়। প্রথম মামলায় আরেকটি আদালত ১৮ জনকে যাবজ্জীবন এবং পাঁচজনকে সাত বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছিলেন। গ্রামটিতে দাঙ্গার সময় হামলা-লুটতরাজে জড়িত থাকায় তাঁদের দণ্ডিত করেন আদালত। বিশেষ কমিটির তদন্ত করা মোট নয়টি মামলার মধ্যে গোধরা ট্রেনে আগুন দেওয়াসহ দুটি মামলাতেও রায় হয়েছে।ট্রেনে আগুন লাগানোর মামলায় ১১ জনকে মৃত্যুদণ্ড ও ২০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। দ্বিতীয় মামলাটি ছিল মেহসানা জেলার সরদারপুর গ্রামের দাঙ্গার ঘটনায় দায়ের করা। এতে ৩১ জনকে যাবজ্জীবন ও ৪২ জনকে খালাস দেওয়া হয়। হিন্দুস্তান টাইমস অনলাইন।