এক মাস ধরে দার্জিলিংয়ে বনধ চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলাকে পৃথক গোর্খাল্যান্ড রাজ্য গড়ার দাবিতে প্রায় এক মাস ধরে সেখানে বিভিন্ন নামে বনধ চালিয়ে যাচ্ছে গোর্খা জনমুক্তি মোর্চা। গত মাসে অন্ধ্র প্রদেশ ভেঙে পৃথক তেলেঙ্গানা রাজ্য ঘোষণার পর প্রথমে গোর্খা জনমুক্তি মোর্চা ৭২ ঘণ্টার ধর্মঘট, পরে তারা ৩ আগস্ট থেকে একটানা ১২ দিনের অনির্দিষ্টকালের বনধ পালন করে। এরপর দুদিনের ‘জনতা কার্ফু’র পর  শুরু করে ‘ঘরের ভেতর জনতা’ আন্দোলন। এসব আন্দোলনকে কলকাতা হাইকোর্ট অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা দেওয়ার পর গোর্খা জনমুক্তি মোর্চা আন্দোলনের নাম পাল্টিয়ে ঘোষণা করছে নিত্য নতুন আন্দোলনের কর্মসূচি।

২০ আগস্ট থেকে জনমুক্তি মোর্চা শুরু করে ‘সড়কে  জনতা’ আন্দোলন। সেই আন্দোলনে এক দিন ক্ষান্ত দিয়ে আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হবে সড়কে জনতা আন্দোলন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২ ও ৩ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দার্জিলিং আসার কথা। এরই পরিপ্রেক্ষিতে আজ শুক্রবার গোর্খাল্যান্ড জয়েন্ট অ্যাকশন কমিটির একটি বৈঠক হয়। এতে সিদ্ধান্ত হয়, মমতার দার্জিলিং সফরের সময় ‘ঘরের ভেতর জনতা’ আন্দোলন চলবে।

তবে মোর্চার এসব আন্দোলনে আদৌ সাড়া দিচ্ছে না ভারতের কেন্দ্রীয় এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকরের পাশাপাশি ভারতের মূলধারার কোনো রাজনৈতিক দল।