এক যুগ পর জিম্মিদশা থেকে মুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক বছর, দুই বছর নয়; বিদ্রোহীদের হাতে জিম্মি হিসেবে কেটেছে এক যুগেরও বেশি সময়। অবশেষে গত মঙ্গলবার তিনি মুক্তি পেয়েছেন। জিম্মিদশা থেকে মুক্তি পাওয়া এই ব্যক্তি কলম্বিয়া সেনাবাহিনীর সার্জেন্ট পাবলো এমিরিও মনকায়ো।১৯৯৭ সালে কলম্বিয়ায় গৃহযুদ্ধ চলাকালে বিদ্রোহীদের হাতে বন্দী হন পাবলো। সেই থেকে বিদ্রোহীদের জিম্মি হিসেবে তাঁর জীবন কেটেছে জঙ্গলে-জঙ্গলে। সম্প্রতি বিদ্রোহীদের সঙ্গে রেডক্রসের আলোচনা ও সমঝোতার পর মুক্তি পেয়েছেন তিনি। তবে এ সপ্তাহে মুক্তি পাওয়া এ রকম সৌভাগ্যবানদের তালিকায় পাবলো দ্বিতীয়। এর আগে গত রোববার বিদ্রোহীদের জিম্মা থেকে মুক্তি পান জোসে ড্যানিয়েল কালভো। তবে তিনি মাত্র এক বছর বন্দী ছিলেন। ধারণা করা হচ্ছে, এসব মুক্তির মধ্য দিয়ে একসময়ের শক্তিশালী বিদ্রোহী গোষ্ঠী রেভ্যুলিউশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়ার (এফএআরসি) সঙ্গে সরকারের শান্তিচুক্তির সম্ভাবনা বাড়বে। অবশ্য ইতিমধ্যেই বিদ্রোহী গেরিলা ও কোকেন পাচারকারীদের বিরুদ্ধে মার্কিন সমর্থনপুষ্ট প্রেসিডেন্ট আলভারো ইউরাইব পরিচালিত অভিযানে বিদ্রোহী গোষ্ঠীটি অনেকটাই শক্তিহীন হয়ে পড়েছে।কলম্বিয়ার দক্ষিণাঞ্চলের এক প্রত্যন্ত জঙ্গলে বিদ্রোহীরা পাবলোকে রেডক্রসের কাছে হস্তান্তর করে। পরে সেখান থেকে তাঁকে ব্রাজিলের সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে করে ফ্লোরেন্সিয়া বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়। বিমানবন্দরটির অবস্থান কলম্বিয়ার রাজধানী বোগোটা থেকে ৩৭০ কিলোমিটার দক্ষিণে। এত বছর পর মুক্তি পেয়ে ৩২ বছর বয়সী পাবলো স্বভাবতই উচ্ছ্বসিত। বিমানবন্দরে সাংবাদিকদের জানালেন, ‘আমি ঈশ্বর ও আমার বাবাকে ধন্যবাদ জানাই। আপনারা ভাবতেও পারবেন না, মানুষের মাঝে ফিরে আসতে পেরে আমি কতটা আনন্দিত।’ পাবলো বাবার প্রতি কৃতজ্ঞতা জানালেন, কারণ ছেলের মুক্তির জন্য সাহায্য চেয়ে তাঁর বাবা এতকাল ভেনেজুয়েলা থেকে ফ্রান্স পর্যন্ত বহু দেশের সহযোগিতা চেয়ে ঘুরে বেড়িয়েছেন।—রয়টার্স।