এক যুগ পর নিউইয়র্কের মেয়র ডেমোক্র্যাট নেতা

নিউইয়র্কে এক যুগ পর নগরপিতার আসন ফিরে পেলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার দল ডেমোক্রেটিক পার্টির কোনো নেতা। গত মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে ডেমোক্র্যাট নেতা বিল ডি ব্লাজিও ৭২ শতাংশ ভোট পেয়ে নতুন মেয়র নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিরোধী দল রিপাবলিকান পার্টির প্রার্থী জো লোথা পেয়েছেন ২৪ শতাংশ ভোট।
বারাক ওবামা ২০১২ সালে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার ঠিক এক বছর পর অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ নির্বাচনে নিউইয়র্কের মেয়র পদ ছাড়াও ভার্জিনিয়া অঙ্গরাজ্যে গভর্নর পদে জয়ী হয়েছে ডেমোক্রেটিক পার্টি। তবে নিউজার্সির গভর্নর পদে পুনর্নির্বাচিত হয়েছেন মধ্যপন্থী রিপাবলিকান নেতা ক্রিস ক্রিস্টি। এই নির্বাচনগুলোর ফলাফল আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া মার্কিন কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনের ফলের আভাস বলে বিবেচনা করা হয়।
নিউইয়র্কের বিদায়ী মেয়র মাইকেল ব্লুমবার্গ টানা ১২ বছর দায়িত্ব পালন করেন। প্রথম দফায় রিপাবলিকান প্রার্থী হিসেবে নির্বাচিত হলেও পরে তিনি নিজেকে স্বতন্ত্র বলে ঘোষণা দিয়েছিলেন।
ব্লাজিও অনগ্রসর জনগোষ্ঠীর জন্য বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচিকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণা চালান। এর ফলে বাংলাদেশিসহ অন্য অভিবাসীদের প্রায় একচেটিয়া ভোট পেয়েছেন তিনি। পরাজিত জো লোথা বিজয়ী ব্লাজিওকে অভিনন্দন জানিয়ে নগরীর জন্য একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেছেন।
ভার্জিনিয়ায় রিপাবলিকান প্রার্থী কেন কুচ্চিলেনিকে পরাজিত করে গভর্নর হয়েছেন ডেমোক্র্যাট নেতা টেরি ম্যাকঅলিফ। কেনের (৪৫ শতাংশ) চেয়ে মাত্র ২ শতাংশ ভোট বেশি পেয়ে গর্ভনর হয়েছেন টেরি। তবে নিউজার্সিতে ক্রিস ক্রিস্টি গভর্নর পদে পুনর্নির্বাচিত হয়েছেন। এখানে ডেমোক্র্যাট প্রার্থী বারবারা বুনোকে বড় ব্যবধানে হারিয়েছেন তিনি।