এক লাখ ফিলিস্তিনি ঘরছাড়া, মৃতের সংখ্যা প্রায় ৬০০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসরায়েলি হামলায় গাজায় বিধ্বস্ত বাড়ির সামনে বসে আছে এক ফিলিস্তিনি নারী ও শিশু। গতকাল তোলা ছবি l এএফপি
ইসরায়েলি হামলায় গাজায় বিধ্বস্ত বাড়ির সামনে বসে আছে এক ফিলিস্তিনি নারী ও শিশু। গতকাল তোলা ছবি l এএফপি

ফিলিস্তিনশাসিত গাজায় ইসরায়েলি হামলায় রক্ত ঝরছেই। লাশের সংখ্যার পাশাপাশি বেড়ে চলেছে ঘর ত্যাগে বাধ্য হওয়া সাধারণ মানুষের সংখ্যা। জাতিসংঘের হিসাবে গত দুই সপ্তাহে ইসরায়েলের সর্বাত্মক স্থল ও বিমান হামলায় এখন পর্যন্ত এক লাখের বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। অন্যদিকে হামলা থেকে ইসরায়েলকে নিবৃত্ত করতে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার প্রচেষ্টা জোরদার করেছে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়।
গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযানের পঞ্চদশ দিনে গতকাল মঙ্গলবার সকাল পর্যন্ত আগের ১২ ঘণ্টায় নিহত হয়েছেন আরও অন্তত ২৩ ফিলিস্তিনি। এ নিয়ে চলমান নির্মম অভিযানে মৃতের সংখ্যা ৫৮৩ জনে দাঁড়াল। খবর এএফপি, বিবিসি ও দ্য গার্ডিয়ান এর।
ফিলিস্তিনি উদ্বাস্তুবিষয়ক জাতিসংঘ সংস্থা (ইউএনআরডব্লিউএ) এক বিবৃতিতে বলেছে, ‘ইউএনআরডব্লিউএ এখন এক সন্ধিক্ষণ এসে পৌঁছেছে। ২০০৯ সালে (ইসরায়েলের) গাজা অভিযানের সময় যাঁরা আমাদের কাছে আশ্রয়ের জন্য ছুটে এসেছিলেন, সে তুলনায় এখন এ সংখ্যা দ্বিগুণের বেশি।’ সংস্থার মুখপাত্র ক্রিস্টোফার গানেস এক বিবৃতিতে বলেন, গৃহহীন ফিলিস্তিনি আশ্রয়প্রার্থীর সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেছে। তিনি জানান, বাস্তুচ্যুত লোকজনের বেড়ে চলা ঢল মোকাবিলায় গাজায় তারা ৬৯টি আশ্রয়শিবির খুলেছেন।
আরও লাশ আরও ধ্বংসযজ্ঞ: ইসরায়েলি বাহিনী গতকালও গাজার বিভিন্ন স্থানে বিমান থেকে বোমাবর্ষণ ও ট্যাংকের গোলা নিক্ষেপ করেছে। রোববার ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো পূর্ব গাজার শাজাইয়া শহরে সোমবার রাতেও ১০০ লক্ষ্যবস্তুতে হামলা চালায় তারা।
গাজার চিকিৎসাকর্মীরা বলেন, গতকাল সকালে মধ্য গাজার দির আল-বালাহ এলাকায় ইসরায়েলি বিমান হামলায় চার নারীসহ একই পরিবারের সাতজন প্রাণ হারান। গাজার জরুরি সেবা বিভাগের মুখপাত্র আশরাফ আল-কাদরা বলেন, পৃথক দুই বিমান হামলায় গতকাল জয়তুন শহরে একজন অন্তঃসত্ত্বাসহ দুই নারী এবং উত্তরের বেইত হানুনে এক শিশু প্রাণ হারায়। এ ছাড়া গতকাল সকালের বিমান হামলায় কয়েকটি মসজিদও গুঁড়িয়ে যায়। হামলায় ক্ষতিগ্রস্ত হয় একটি স্টেডিয়ামও।
ইসরায়েলি মানবাধিকার সংগঠন বে’তসেলেম বলেছে, সোমবার গাজার খান ইউনুসে বোমা হামলায় একটি পরিবারের ২৫ সদস্য নিহত হন। তাঁদের ১৮ জনই শিশু এবং পাঁচজন নারী।
অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে বে’তসেলেম বলেছে, গাজার পরিস্থিতি অসহনীয় মাত্রায় পৌঁছেছে। ইসরায়েল লোকজনে ঠাসা বাড়িঘরের ওপর বোমা ফেলছে। ধ্বংস্তূপে চাপা পড়ছে পুরো পরিবার। রাস্তাতেও ছড়িয়ে ছিটিয়ে আছে ছিন্নভিন্ন লাশ।
ইসরায়েলি সেনাবাহিনী গতকাল সকালে জানায়, গাজায় লড়াইয়ে তাদের আরও দুজন সদস্য নিহত হয়েছেন। সব মিলিয়ে গত চার দিনে প্রাণ হারিয়েছেন ২৭ সেনাসদস্য। হামাসের ছোড়া রকেটে নিহত হয়েছেন দুই ইসরায়েলি বেসামরিক লোকও।
আন্তর্জাতিক প্রচেষ্টা জোরদার: ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রচেষ্টা জোরদার হয়েছে। গাজায় রক্তপাত বন্ধে মিসরের নেওয়া উদ্যোগকে এগিয়ে নিতে গতকাল সে দেশে পৌঁছান জাতিসংঘ মহাসচিব বান কি মুন। বর্তমানে কাতার, কুয়েত, মিসর, জর্ডান, ইসরায়েল ও ফিলিস্তিনের পশ্চিম তীর সফরে রয়েছেন তিনি। শান্তি প্রচেষ্টার অংশ হিসেবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরিও গতকাল মিসরীয় নেতাদের সঙ্গে আলোচনা শুরু করেন।
গত রোববার রাতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাশাপাশি গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তাঁর এ আহ্বানের পরপরই মিসরের উদ্দেশে রওনা দেন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। সোমবার দিনের শেষে মিসর পৌঁছান তিনি। এদিন রাতে রাজধানী কায়রোয় জাতিসংঘ মহাসচিব বান কি মুনের সঙ্গে আলোচনা করেন তিনি। বান কি মুনের সঙ্গে আলোচনার পর ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ফিলিস্তিনিদের প্রাণহানি ও ক্ষয়ক্ষতিতে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। তবে ইসরায়েলের ‘যথাযথ ও সংগত’ সামরিক পদক্ষেপের প্রতিও তাঁর সমর্থন রয়েছে।
জন কেরি বলেন, তাৎক্ষণিক মানবিক সংকট প্রশমনে তাঁর দেশ গাজায় চার কোটি ৭০ লাখ ডলার ত্রাণসহায়তা পাঠাচ্ছে।
গতকাল মিসরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শুকরির সঙ্গে বৈঠক করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। একই দিন প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গেও তাঁর সাক্ষাৎ করার কথা রয়েছে। বান কি মুন ও মিসরীয় নেতাদের সঙ্গে আলোচনায় কেরি কায়রোর যুদ্ধবিরতি প্রতিষ্ঠার উদ্যোগকে স্বাগত জানান।
অন্যদিকে কাতারের দোহায় ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করেছেন হামাসের প্রধান খালেদ মেশাল। এ সময় দুই নেতা যুদ্ধবিরতি প্রতিষ্ঠা ও গাজার ওপর থেকে ইসরায়েলের অবরোধ তুলে নেওয়ার প্রচেষ্টায় একসঙ্গে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। উল্লেখ্য, ফিলিস্তিনশাসিত গাজা দুই দিক দিয়ে ইসরায়েিল ভূখণ্ড দিয়ে ঘেরা।
গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার আহ্বান এবং সেখানে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের নিন্দা জানিয়েছে ফ্রান্স। গতকাল দেশটির পররাষ্ট্রমন্ত্রী লঁরা ফ্যাবিয়াস বলেন, ইসরায়েল ও গাজা পরিস্থিতি সংকটাপন্ন। কোনো যুক্তিতেই অব্যাহতভাবে হামলা ও ধ্বংসযজ্ঞ চলতে পারে না। এটি আরও বেশি মানুষের ক্ষয়ক্ষতি, উত্তেজনা বৃদ্ধি ও তীব্র ঘৃণা ছড়ানো ছাড়া আর কোনো ফল বয়ে আসবে না।
যুদ্ধবিরতিতে হামাসের শর্ত: সম্প্রতি মিসরের যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েল প্রাথমিকভাবে সম্মতির কথা জানালেও গত সপ্তাহে তা নাকচ করে দেয় গাজার শাসক ফিলিস্তিনি গোষ্ঠী হামাস। তবে পরে শর্ত সাপেক্ষে তারা এটি মানতে রাজি বলে জানায়। সোমবার রাতে সংগঠনটির অন্যতম শীর্ষ নেতা ইসমাইল হানিয়া বলেন, তাঁদের পক্ষ থেকে রকেট হামলা বন্ধের প্রধান শর্ত, গাজা উপত্যকার ওপর আট বছর ধরে চাপিয়ে রাখা ইসরায়েলের অবরোধ তুলে নিতে হবে। তা ছাড়া সম্প্রতি পশ্চিম তীর থেকে আটক করা ফিলিস্তিনিদের মুক্তিও তাঁদের কাছে গুরুত্বপূর্ণ।
ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের সর্বশেষ এই হামলার শুরু সম্প্রতি ইসরায়েলি তিন কিশোরকে অপহরণ ও হত্যার ঘটনাকে কেন্দ্র করে। ইসরায়েল এ জন্য হামাসকে দায়ী করলেও তারা তা অস্বীকার করে। পরে ফিলিস্তিনি এক কিশোর একইভাবে অপহরণ ও হত্যার শিকার হওয়ার পর দুই পক্ষের উত্তেজনা বেড়ে যায়।
গাজা থেকে রকেট ছোড়ার অভিযোগ তুলে ইসরায়েল ৮ জুলাই শুরু করে ‘অপারেশন প্রটেক্টিভ এজ’ নামের এ অভিযান। এর আগে ২০১২ সালের নভেম্বরে গাজায় অভিযান চালায় ইসরায়েল। তখন আট দিনের মাথায় মিসরের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি সই হয়েছিল।
মার্কিন ফ্লাইট বাতিল: মার্কিন ফেডারেল এভিয়েশন কর্তৃপক্ষ (এফএএ) ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে তাদের সব কটি ফ্লাইট বাতিল করেছে। গতকাল এফএএর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, বিমানবন্দরের কাছে একটি রকেট আছড়ে পড়ার পর সেখানে মার্কিন এয়ারলাইনসের সব কটি ফ্লাইট ২৪ ঘণ্টার জন্য বাতিল করা হয়। আরও কয়েকটি ইউরোপীয় বিমান সংস্থাও তেলআবিবে তাদের ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে।