এক লিটার পেট্রলে ৩০০ কিলোমিটার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র এক লিটার পেট্রলে গাড়িটি যাবে ৩০০ কিলোমিটার। এমন গাড়ি তৈরি করার দাবি করেছেন ভারতের মুম্বাই নগরের একদল শিক্ষার্থী। আজ বৃহস্পতিবার এনডিটিভি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জ্বালানি তেলের দাম এখন হু হু করে বাড়ছে। এ কারণে গাড়ি বিক্রির ক্ষেত্রে এখন মন্দার ভেতর দিয়ে যাচ্ছে কোম্পানিগুলো। এ সময় বিভিন্ন যন্ত্রাংশ দিয়ে মুম্বাইয়ের সোমাইয়া কলেজের ছয় শিক্ষার্থীর এই গাড়ি তৈরি একটি আশাব্যঞ্জক ঘটনা। তিন চাকার এই গাড়িতে ব্যবহার করা হয়েছে লন মোয়ার ইঞ্জিন। তিনটি চাকার দুটি থাকে গাড়ির পেছনের দিকে, আর একটি সামনের দিকে মাঝবরাবর। 

ছয় শিক্ষার্থীর একজন কুনাল জেইন বলেন, ‘আমাদের পাঠাগারে “জুগাদ ইনুভেশন” নামের একটি বই আছে। বইটি পড়ে এই গাড়ি তৈরিতে অনুপ্রাণিত হয়েছি। আমাদের কাছে গাড়ির নাম হিসেবে “জুগাদ” শব্দটি উপযুক্ত মনে হয়েছে।’

এই গাড়িতে ব্যবহার করা হয়েছ ৬০ কেজি ওজনের ফাইবার কাচ। এটি তৈরি করতে খরচ হয়েছে প্রায় চার লাখ রুপি। গাড়িটি অনেকটা স্পোর্টস কারের ঢঙে চালাতে হবে।

আগামী জুলাই মাসে মালয়েশিয়ায় শেল ইকু ম্যারাথনে গাড়িটি প্রদর্শন করা হবে। এই ম্যারাথনে জ্বালানি কার্যকারিতার ওপর যাচাই করা হয়। ভারতে গত এপ্রিলের পর থেকে গাড়ি ব্যবসায় ইতিহাসের সবচেয়ে খারাপ সময় কাটছে।