এক সন্তানকে ফেলেই গেলেন মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মা-বাবা ভাই বোন সবাই চলে গেছে তাকে ছেড়ে। নেই মাথা গুজার ভিটে মাটিটুকুও। তাই এখন কাজের বিনিময়ে একজনের বাড়িতে আশ্রয় মিলেছে জুবায়েরের। সেখানে পানি টানার কাজ করে সে। ছবি: সৌজন্যে দ্য নিউ ইয়র্ক টাইমস
মা-বাবা ভাই বোন সবাই চলে গেছে তাকে ছেড়ে। নেই মাথা গুজার ভিটে মাটিটুকুও। তাই এখন কাজের বিনিময়ে একজনের বাড়িতে আশ্রয় মিলেছে জুবায়েরের। সেখানে পানি টানার কাজ করে সে। ছবি: সৌজন্যে দ্য নিউ ইয়র্ক টাইমস

এক সন্তান কাঁখে, আরেকটি পিঠে, অন্যটি হাতে। ওদের নিয়ে মা কোমর পানিতে। এভাবে বঙ্গোপসাগর লাগোয়া এক ম্যানগ্রোভ জলাশয়ের পানি ভেঙে তিন সন্তানকে নিয়ে মা এগিয়ে যাচ্ছেন একটি নৌকার দিকে। গোধূলির আলোতে দুলছে সেই নৌকা। এই দুলুনি মায়ের মনেও নাড়া দেয়। যাবেন কি যাবেন না, মন বদলের এটাই সময়।

এই পরিস্থিতিতে যিনি পড়েন, তিনি ৩৩ বছর বয়সী এ রোহিঙ্গা নারী। নাম হাসিনা ইজহার। নিজ দেশে পরবাসী তাঁরা। কোথায় ঠাঁই নেবেন, এরও কোনো নিশ্চয়তা নেই। এই দোলাচলে খাবি খেতে খেতে এই মা ভাগ্য বদলে মালয়েশিয়া পাড়ি দেওয়ার সিদ্ধান্ত নেন। ভরসা কেবল একটি মাছ ধরার নৌকা।

ছোট তিন সন্তানকে নিয়ে যখন বাড়ি থেকে হাসিনা বের হচ্ছিলেন, এ সময় তাঁর ১৩ বছরের বড় সন্তান জুবায়ের রয়েছে পাশের গ্রামে, এক বন্ধুর বাড়িতে। ওকে ওভাবে রেখেই বাড়ি ছাড়েন তিনি। আসলে হঠাৎ করেই হাসিনার কাছে খবর আসে, নৌকা এসে গেছে, মালয়েশিয়া যেতে চাইলে এখনই সময়। চটজলদি ছেলেমেয়েদের কিছু কাপড় পুঁটলিতে নিয়ে নেন তিনি। সাগরে তেষ্টা মেটাতে প্লাস্টিকের তিনটি বোতলে নিয়েছেন পানি। ব্যস, এই তাঁর প্রস্তুতি।

হাসিনাদের নিয়ে নৌকাটি যত দূরে যাচ্ছে, তাঁর মনের ভেতর ঝড়ের ঝাপটা তত বেশি লাগছে। তিনি আসলে কী করতে যাচ্ছেন, বুঝে উঠতে পারছিলেন না। অনিশ্চয়তা আর আশঙ্কাই বেশি কাজ করছিল। ফেলে আসা বড় ছেলের জন্য তাঁর বুকের ভেতরটা হু হু করে ওঠে। নিজেকে অপরাধী মনে হচ্ছিল তাঁর। মনে হচ্ছিল একবার যদি ছেলেকে জড়িয়ে ধরে আদর করতে পারতেন, দেশ ছেড়ে যাওয়ার কারণটা বুঝিয়ে বলতে পারতেন।

এ ব্যাপারে হাসিনা বলেন, ‘যদি বেঁচে থাকি, তাহলে আমি ওকে মালয়েশিয়া নিয়ে আসব। ছেলেকে ফেলে আসায় আমার মন ভেঙে গেছে।’

ছোট তিন সন্তানকে সঙ্গে আনতে দালালের হাতে দিতে হয়েছে দুই হাজার মার্কিন ডলারের সমপরিমাণ অর্থ। বাড়িঘর বেচে এই টাকা জোগাড় করেন হাসিনা। জুবায়েরকে আনতে গেলে এর দ্বিগুণ গুনতে হতো। কিন্তু হাতে ছিল আর মাত্র ৫০০ ডলার।

মিয়ানমার ছেড়ে যাওয়ার কারণ বলতে গিয়ে হাসিনা বলেন, ‘এখানে থাকব কেমন করে? ছেলে-বুড়ো সবাইকে রোজ রাতে মেয়েদের আগলে রাখতে পাহারা দিতে হয়। সব মেয়েই মালয়েশিয়া যাচ্ছে। তাই আমিও যাই।’

মিয়ানমারে বৌদ্ধ ধর্মাবলম্বীদের নির্যাতনের শিকার হয়ে দুই বছর আগে লাখো মানুষের সঙ্গে তাঁর স্বামী মালয়েশিয়া চলে যান। এবার সেই পথে হাসিনা। তবে স্বামী জানেন না।
সমুদ্রপথে যাত্রার প্রায় এক সপ্তাহ পর অনেকের সঙ্গে হাসিনাকে তুলে দেওয়া হয় একটি বড় জাহাজে। এর পরই শুরু হয় দালালদের তাণ্ডব। তারা অভিবাসন-প্রত্যাশীদের স্বজনদের কাছে ফোনে মুক্তিপণ দাবি করে। হাসিনার স্বামীকে ফোন দেওয়া হয়। তখন তাঁর স্বামী রহমান প্রথম জানতে পারেন স্ত্রীর দেশ ছাড়ার খবর। এতে তিনি স্ত্রীর ওপর রাগ করেন। পরে আপসরফায় দালালদের সঙ্গে দর-কষাকষি চলে। কয়েক দিন পর এক হাজার ৭০০ ডলারে ছাড়া পান তাঁরা। এ অর্থ জোগাতে রহমানকে বন্ধু-বান্ধব ও স্বজনদের কাছে ধারদেনা করতে হয়।

রহমান বলেন, ‘আমি কাঁদতে কাঁদতে তাদের পা ধরেছি। বলেছি, আমার সন্তানদের কথা ভেবে আমাকে সাহায্য করেন। আমি এ অর্থ শোধ করে দেব। যদি না পারি, তাহলে আপনাদের গোলাম হয়ে থাকব।’

এক মাসেরও বেশি সময় পর হাসিনা তাঁর সন্তানদের নিয়ে মালয়েশিয়ায় পৌঁছান। সেখানে স্বামী তাঁদের অপেক্ষায় ছিলেন। কিন্তু বড় ছেলে জুবায়েরকে না পেয়ে রহমানের ক্ষোভ জানান।

পেনাং শহরের গেলুগরে এখন আরও ১৩ জনের সঙ্গে একটি বাড়িতে থাকছে এই পরিবার। রহমান নির্মাণশ্রমিক। বেশির ভাগ দিনই তাঁর কাজ জোটে না। দিনটা ভালো গেলে কিছু জোটে। এরই মধ্যে বাকি পড়েছে তিন মাসের ঘর ভাড়া। তার ওপর রয়েছে বন্ধু-বান্ধব ও স্বজনদের কাছ থেকে এক হাজার ডলারের ঋণের বোঝাও।

দুই বছর পর স্বামীর সঙ্গে দেখা হয়েছে হাসিনার। এখন পেনাং শহরের গেলুগরে স্বামী-সন্তানদের নিয়ে নিয়ে হাসিনার নতুন সংসার। কিন্তু মায়ের মন পড়ে আছে মিয়ানমারে ফেলে আসা ছেলের জন্য। ছবি: সৌজন্যে দ্য নিউ ইয়র্ক টাইমস
দুই বছর পর স্বামীর সঙ্গে দেখা হয়েছে হাসিনার। এখন পেনাং শহরের গেলুগরে স্বামী-সন্তানদের নিয়ে নিয়ে হাসিনার নতুন সংসার। কিন্তু মায়ের মন পড়ে আছে মিয়ানমারে ফেলে আসা ছেলের জন্য। ছবি: সৌজন্যে দ্য নিউ ইয়র্ক টাইমস


এদিকে মা চলে যাওয়ার পর জুবায়ের হয়ে যায় ঠিকানাবিহীন। মা কেন তাকে ছেড়ে চলে গেছেন, তখনো সে জানে না। জুবায়ের বলে, ‘মা আমার খোঁজও করেনি। কিছু বলেনি। আমি তখন আরেকজনের বাড়িতে ছিলাম।’

গত মে মাসে স্থানীয় একটি মুদি দোকানে বসে ছিল জুবায়ের। চিংড়ি ব্যবসায়ী সালিমউল্লাহ তাকে দেখে নিয়ে আসেন নিজের বাড়িতে। তাকে অল্প বেতনে পানি আনার কাজ দেন। সালিমউল্লাহর কথা, যত দিন খুশি জুবায়ের এখানে থাকতে পারবে।

হাসিনা চলে গেলেও জুবায়েরের সঙ্গে এর মধ্যে তাঁর কথা হয়েছে কয়েকবার। প্রতিবেশী একজনের মোবাইল ফোনে জুবায়েরের সঙ্গে হাসিনার কথা হয়। জুবায়ের বলে, ‘মা কেবল বলে—কাঁদিস না, বাবা। মন খারাপ করিস না। ভালো থাকিস।’

মায়ের স্মৃতি আওড়ে জুবায়ের এখন শুধু চোখের জল ফেলে। এ কষ্ট বোঝানোর ভাষা ওর নেই।

ছেলের মতো মায়েরও মন কাঁদে। হাসিনা বলেন, ‘একজন মা হয়ে আমার বড় ছেলেকে ছেড়ে থাকা মানসিক শাস্তির মতো। এই বিপজ্জনক পথে আমার সন্তান আসুক, তা চাই না। তবে মা হিসেবে আমি আমার সন্তানকে কাছে চাই।’ দ্য নিউইয়র্ক টাইমস অবলম্বনে