এক সেন্টের দাম ১১ লাখ ডলার!
যুক্তরাষ্ট্রের একটি নিলামঘরে গত শুক্রবার ১৭৯২ সালে তৈরি এক সেন্টের একটি তামার মুদ্রা বিক্রি হয়েছে ১১ লাখ ডলারেরও বেশি দামে। ওই মুদ্রাটি পরীক্ষামূলকভাবে তৈরি করা হয়েছিল। এ ধরনের মুদ্রা এখন খুবই বিরল।যুক্তরাষ্ট্রে এক সংগ্রাহকের কাছে ১০ বছর ধরে মুদ্রাটি ছিল। টেক্সাসের নিলামকারী প্রতিষ্ঠান হেরিটেজ নিলাম এটি নিলামে তোলে। হেরিটেজ নিলামঘরের ভাইস প্রেসিডেন্ট টড ইমহফ জানান, ১৭৯২ সালের মুদ্রাগুলো আকারে বড় ও ভারী ছিল। তাই এগুলো ব্যবহার করা অসুবিধাজনক ছিল। এ কারণে মুদ্রাগুলো দ্রুত প্রত্যাহার করা হয়।হ্যারিটেজ নিলামঘরের মুখপাত্র মন্তব্য করেন, এখনকার মার্কিন বিনিময় মুদ্রায় লেখা থাকে ‘ইন গড উই ট্রাস্ট’। ১৭৯২ সালে এক সেন্টের ধাতব মুদ্রাটিতে লেখা ছিল ‘লিবার্টি প্যারেন্ট অব সোসাইটি অ্যান্ড ইন্ডাস্ট্রি’। এই মুদ্রাটি প্রমাণ করে সে সময় মার্কিন সমাজে ধর্ম নয়, বরং স্বাধীনতা, বিজ্ঞান এবং শিল্পকে প্রাধান্য দেওয়া হয়েছিল।