এক হাজার ডলার বাজিতে যুক্তরাষ্ট্রের ড্রোন ছিনতাই!
যুক্তরাষ্ট্রের টেক্সাস কলেজের একদল তরুণ গবেষক একটি চালকবিহীন বিমান (ড্রোন) ছিনতাই করে রীতিমতো ঘাম ঝরিয়েছেন দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা কর্মকর্তাদের। মাত্র এক হাজার ডলার বাজিতে তাঁরা ড্রোনটির পরিচালনায় থাকা কর্মকর্তাদের চোখ ফাঁকি দিয়ে সফলভাবে কাজটি সারতে সক্ষম হন। ওই গবেষকেরা ‘স্পুফিং’ নামে পরিচিত একটি অত্যাধুনিক কৌশল ব্যবহার করে ড্রোনের অপারেটিং সিস্টেম হ্যাক করেন। এ কৌশলে তাঁরা প্রথমে ড্রোনের জিপিএস ব্যবস্থায় (গ্লোবাল পজিশনিং সিস্টেম) একটি নকল সংকেত পাঠান। পরে এর পুরো নিয়ন্ত্রণ নিজেদের কব্জায় নেন।ইউনিভার্সিটি অব টেক্সাসের খোলা স্টেডিয়ামে পরীক্ষামূলকভাবে ওই ছিনতাইয়ের সময় মধ্য আকাশ থেকে লাল রঙের একটি ছোট কিন্তু অত্যন্ত শক্তিশালী ড্রোন নিয়ন্ত্রণে নিয়ে নেন গবেষকেরা। ড্রোনটি তার কম্পিউটারে পাওয়া নির্দেশনা অনুযায়ী কিছুক্ষণ ওড়ার পর হ্যাকিংয়ের বিষয়টি নিশ্চিত হয় এবং প্রকৃত নির্দেশনা অনুসরণ করে স্বয়ংক্রিয়ভাবে মোড় ঘুরিয়ে ফেলে। তাৎক্ষণিকভাবে প্রচণ্ড গতিতে এটি ভূমিতে নেমে এসে নিজেকে শেষ মুহূর্তে রক্ষা করতে সক্ষম হয়।মাত্র ১০০০ ডলার বাজিতে পরীক্ষামূলকভাবে ছিনতাইয়ের এ ঘটনা ঘটলেও তা যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি কর্মকর্তাদের দারুণ বিচলিত করে। কেননা, এ পদ্ধতিতে একটি ড্রোনকে কম খরচেই ভয়ংকর করে তুলে তাঁকে দিয়ে ক্ষেপণাস্ত্রের মতো কোনো ভবনে আঘাত হানা সম্ভব। ছিনতাইকারী দলটির নেতৃত্বদানকারী ও অস্টিন রেডিও নেভিগেশন ল্যাবরেটরির গবেষক অধ্যাপক টড হামফ্রেইস বলেন, তাঁর দল এ-যাবৎকালের সর্বাধুনিক ‘স্পুফিং’ ব্যবস্থা উদ্ভাবনে সক্ষম হয়েছে। আর এর মাধ্যমেই ওই ড্রোনকে নতুন ধরনের (নকল) নির্দেশনার সাহায্যে আয়ত্তে আনা সম্ভব হয়। তিনি আরও বলেন, ‘এ ব্যবস্থা কোনো যাত্রীবাহী বা মালবাহী বিমান ছিনতাইয়েও ব্যবহূত হতে পারে।’ পিটিআই।