এক হাজার নতুন প্রজাতির প্রাণীর সন্ধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিষদাঁত কেবল সাপেরই থাকে না, ব্যাঙেরও আছে। অবিশ্বাস্য শোনালেও বিষদাঁতওয়ালা এমন এক ব্যাঙের সন্ধান মিলেছে নিউ গিনির মেলানেশিয়া দ্বীপে। শুধু এই আজব ব্যাঙই নয়, একটি অন্ধ সাপ ও গোলমাথা ডলফিনসহ এক হাজারের বেশি নতুন প্রজাতির প্রাণীর সন্ধান পাওয়া গেছে সেখানে। পরিবেশবিষয়ক গোষ্ঠী ওয়ার্ল্ড ওয়ার্ল্ডলাইফ ফান্ডের (ডব্লিউডব্লিউএফ) নতুন এক প্রতিবেদনে এসব প্রাণীর সন্ধান পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে। মেলানেশিয়া দ্বীপের প্রাকৃতিক আবাসভূমিবিষয়ক ডব্লিউডব্লিউএফের নতুন প্রতিবেদনে বলা হয়েছে, বিজ্ঞানীরা ১৯৯৮ থেকে ২০০৮ সাল পর্যন্ত ওই দ্বীপে অনুসন্ধান চালিয়ে এসব নতুন প্রজাতির প্রাণীর সন্ধান পান। এর মধ্যে নদীর হাঙর ও বেশ কিছু প্রজাপতিও রয়েছে।ডব্লিউডব্লিউএফের ওয়েস্টার্ন মেলানেশিয়া কর্মসূচির প্রতিনিধি নিল স্ট্রনাক বলেন, ‘প্রতিবেদন অনুযায়ী নিউ গিনির বন ও নদী প্রাণিজ সম্পদে ভরপুর। এসব বন ও নদী প্রাণীর সবচেয়ে সমৃদ্ধ উৎসগুলোর মধ্যে অন্যতম। জীববৈচিত্র্যেও এসব বন ও নদী সবচেয়ে সেরা।’প্রতিবেদন অনুযায়ী, মাত্র এক সেন্টিমিটার দীর্ঘ একটি নতুন প্রজাতির ব্যাঙের সন্ধান পাওয়া গেছে। ছুঁচালো এক জোড়া দাঁত আছে ওদের। নতুন প্রজাতির নয়টি শামুক পাওয়া গেছে। এর মধ্যে কয়েকটি এমন রঙচঙে আর সুন্দর যে, বাগান ও খেতখামারে ঘুরে বেড়ানো শামুকের সঙ্গে এগুলোকে মেলানো যায় না। সবাই জানে, হাঙরের বাস সাগরে বা নোনা জলের খাঁড়িতে। কিন্তু নিউ গিনির নদীর স্বাদু পানিতে পাওয়া গেছে আড়াই মিটার দীর্ঘ নতুন প্রজাতির হাঙর। ৪৩টি নতুন প্রজাতির সরীসৃপ পাওয়া গেছে সেখানে। এর মধ্যে ১২ থেকে ১৪ সেন্টিমিটার একটি নির্বিষ সাপ পাওয়া গেছে, যার চোখের ওপর আঁশ থাকায় এটি কিছু দেখতে পারে না। এএফপি।