একক জোট গঠনে ‘একমত’ হয়েছেন আসাদবিরোধীরা
সিরিয়া সরকারের বিরোধী পক্ষগুলো একক একটি জোট গঠনের ব্যাপারে ‘একমত’ হয়েছে। গতকাল রোববার কাতারের রাজধানী দোহায় বৈঠকে এ ব্যাপারে তারা একমত হয়। নতুন এই জোট ন্যাশনাল কোয়ালিশন ফর অপজিশন ফোর্সেস বা সিরিয়ান রেভল্যুশন নামে পরিচিত হবে।বৈঠকের একটি পর্ব শেষে প্রেসিডেন্ট বাশার আল-আসাদবিরোধী একটি পক্ষের নেতা সাদরাদ্দিন আল বায়ানাউনি বলেন, নতুন জোট গঠনের ব্যাপারে প্রাথমিক চুক্তি করা হয়েছে। রোববার স্থানীয় সময় রাতের মধ্যে এই জোটের প্রধান ও উপপ্রধানের নাম ঘোষণা করে হবে। এই জোটের নাম হবে ‘জোট ন্যাশনাল কোয়ালিশন ফর অপজিশন ফোর্সেস বা সিরিয়ান রেভল্যুশন’।আসাদের বিরুদ্ধে লড়তে ঐক্যবদ্ধ হতে এই জোট গঠনের উদ্যোগ নেওয়া হয়। এদিকে সিরিয়ায় গত শনিবার গাড়িবোমা হামলায় অন্তত ২০ জন সেনা নিহত হয়েছেন। সিরিয়ার বিরোধী পক্ষগুলোর সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে জানা যায়, আসাদবিরোধী একক জোট গঠনের ব্যাপারে মূল বিষয়গুলোতে একমত হওয়া গেছে। তাই দোহার বৈঠকের পর চূড়ান্ত ঘোষণা আসার ব্যাপারে তারা আশাবাদী। শেষ খবর পাওয়া পর্যন্ত বাশারবিরোধীদের ওই বৈঠক চলছিল।গত বছরের মার্চে শুরু হওয়া বাশারবিরোধী আন্দোলনে প্রধান বিরোধী পক্ষ হিসেবে সিরিয়ান ন্যাশনাল কাউন্সিলের (এসএনসি) নাম উল্লেখ করা হতো। তবে পশ্চিমা বিভিন্ন দেশ বিশেষ করে যুক্তরাষ্ট্রের অভিযোগ, এত দিনেও এসএনসি সিরিয়ার সব পক্ষকে এক করতে পারেনি। পরে যুক্তরাষ্ট্রের সমর্থনেই সিরিয়ার বিরোধী পক্ষগুলোকে একজোট করে সিরিয়ান ন্যাশনাল ইনিশিয়েটিভ (এসএনআই) নামের একটি জোট গঠনের উদ্যোগ শুরু হয়।যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) জানিয়েছে, গত শনিবার দেরা এলাকায় সেনা কর্মকর্তাদের একটি ক্লাবে গাড়িবোমা হামলায় ২০ সেনা নিহত হন। তবে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানার প্রতিবেদনে বলা হয়, তিনটি গাড়িবোমা হামলায় সাতজন নিহত হয়েছে।এসওএইচআর জানায়, শনিবার সিরিয়াজুড়ে সহিংসতায় ১০১ জন নিহত হয়েছে। এর মধ্যে ৪১ জন সেনা, ৩৪ জন বেসামরিক নাগরিক ও ২৬ জন বিদ্রোহী। সংগঠনটির তথ্যমতে, আসাদবিরোধী আন্দোলন শুরু হওয়ার পর সহিংসতায় এ পর্যন্ত ৩৭ হাজার মানুষ নিহত হয়েছে।সিরিয়ার তথ্যমন্ত্রী ওমরান জাতীয় সংলাপের আহ্বান জানিয়ে বলেন, সিরিয়ার সংকট সফলভাবে সমাধানে আলোচনার টেবিলে বসা প্রয়োজন। বিরোধীদের অবশ্যই সংলাপে আসতে হবে।সিরিয়ায় ইসরায়েলের গুলি: সিরিয়ার অভ্যন্তরে গতকাল গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী। গোলান মালভূমিতে ইসরায়েলি সেনা চৌকি লক্ষ্য করে সিরিয়া থেকে মর্টার হামলা চালানোর পর ‘সতর্কতামূলক’ এই গুলি চালানো হয়েছে বলে ইসরায়েলি বাহিনী দাবি করেছে। ১৯৭৩ সালে মধ্যপ্রাচ্য যুদ্ধের পর ইসরায়েল এই প্রথম সিরিয়া ভূখণ্ডে গুলি চালাল। দুই দেশ এখনো যুদ্ধাবস্থার মধ্যে রয়েছে এবং দুই দেশের মাঝখানে জাতিসংঘ বাহিনী মোতায়েন রয়েছে। আল-জাজিরা, বিবিসি ও এএফপি।