একক বড় ইস্যু নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন বছর আগে পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভা ভোটের এক ও অদ্বিতীয় স্লোগান ছিল ‘পরিবর্তন’। শব্দটির ব্যাপ্তি ও ব্যঞ্জনা এতটাই ছিল যে খড়কুটোর মতো ভেসে গিয়েছিল ৩৪ বছরের বাম শাসন। রাজ্যের মানুষ আশা করেছিল, রাজনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে রাজ্যে আসবে সার্বিক পরিবর্তন।
তিন বছর পরের ছবিটায় ব্যাপক পরিবর্তন চোখে পড়ছে। মানুষের একটা বড় অংশ, যাঁরা জানমান লড়িয়ে তিন বছর আগে ‘পালাবদলের অংশীদার’ হয়েছিলেন, আজ তাঁরা হতাশ, হতোদ্যম ও হতবাক। এই মানুষজনের অধিকাংশ শিক্ষিত, উন্নতমনা, গণতন্ত্রী এবং শহুরে। মোহ ও আশাভঙ্গ হওয়ায় আজ তাঁরা মুষড়ে পড়েছেন। এঁদের অবস্থাটা বেশ করুণ। এঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আরও সময় দিতে চাইছেন না, আবার বিকল্প হিসেবেও কাউকে আঁকড়ে ধরতে পারছেন না। একটা অদ্ভুত অস্থিরতায় ভুগছেন।
গ্রামের মানুষের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এখনো জনপ্রিয়। তাদের এ বিশ্বাসও রয়েছে যে মমতা যেহেতু তাঁদেরই লোক, সেহেতু সাধারণের দুর্দশা ঘোচাতে এখনো তিনি আন্তরিক। শহর ও গ্রামের এ পার্থক্য এবারের ভোটে নতুন দৃশ্য।
প্রশ্ন উঠেছে, পরিবর্তনের পরে রাজ্যে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা হলো কি? দলদাসপ্রথা গেল কি? বিরোধীদের সংক্ষিপ্ত ও সমস্বর উত্তর হলো, না। বরং বেড়েছে। এ মুহূর্তে রাজ্যে তৃণমূল কংগ্রেসের কবজা প্রায় চূড়ান্ত। চারটি জেলা বাদ দিয়ে ১৩টি জেলার পঞ্চায়েত তৃণমূলের দখলে। উত্তরবঙ্গের হাতে গোনা কটি আসন বাদ দিলে দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই তাদের উপস্থিতি। বিধানসভায় দুই-তৃতীয়াংশ গরিষ্ঠতা, পঞ্চায়েতেও কেউ দাঁত ফোটাতে পারল না। পুলিশ প্রশাসনের মদদে এলাকাকে বিরোধীহীন করে রাখা গত বছরের পঞ্চায়েত ভোটে জোর বিতর্ক তুলেছিল। এবার নির্বাচন কমিশন ভোটকে কতটা অবাধ ও শান্তিপূর্ণ করতে পারবে, সেটা একটা বড় ইস্যু।
রাজ্যে গণতন্ত্রের হাল কী রকম তার একটা নমুনা মানবাধিকার কমিশন। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়কে রাজ্যের কমিশনের চেয়ারম্যান করে মমতাই নিয়ে এসেছিলেন। কিন্তু ‘ইয়েস ম্যান’ হতে না পারায় তাঁকে অপমানিত হয়ে সরে যেতে হলো। রাজ্যের কোথাও বিরোধীরা পছন্দমতো মিছিল-মিটিং করতে পারে না। রাহুল গান্ধী কর্মিসভা করতে চেয়েছিলেন কলকাতার পার্ক সার্কাস ময়দানে। পুরসভা অনুমতি দেয়নি। সিঙ্গুরের অভিজ্ঞতার পর কোনো শিল্পই এখন পর্যন্ত রাজ্যে আসেনি। উত্তর দিনাজপুরের রায়গঞ্জে দিল্লির এইমসের ধাঁচে হাসপাতাল গড়তে কেন্দ্র রাজি, এলাকায় কৃষকেরাও জমি দিতে রাজি। কিন্তু মমতা রাজি নন। এভাবে রাজ্যের থমকে যাওয়া উন্নয়ন বিরোধীদের নির্বাচনী প্রচারে বড় হয়ে উঠছে। আর ক্রমেই বড় হচ্ছে সারদা কেলেঙ্কারি।
সেই অর্থে এবার পশ্চিমবঙ্গে কোনো একটি বিষয় প্রধান ইস্যু হয়ে উঠতে পারেনি। তবে প্রধান আগ্রহ বিজেপিকে নিয়ে। বিজেপি কত ভোট পাবে, কোনো আসন পাবে কি না, কার ভোট কেটে কাকে জেতাবে কাকে হারাবে, এটাই হয়ে দাঁড়িয়েছে প্রধান আগ্রহ। রাজ্যে আগে কখনো এভাবে বিজেপিকে নিয়ে উচ্ছ্বাস দেখা যায়নি।