একক সংখ্যাগরিষ্ঠতা পাবে বিজেপি, মোদি প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গড়তে যাচ্ছে। আর নরেন্দ্র মোদিই হবেন ভারতের প্রধানমন্ত্রী।
দেশটিতে সম্প্রতি পরিচালিত এক জনমত সমীক্ষায় এমন চিত্রই উঠে এসেছে। ভারতের বেসরকারি টেলিভিশন জি নিউজ ও তালিম রিসার্চ সেন্টার যৌথভাবে এ সমীক্ষা পরিচালনা করে। আজ শুক্রবার দেশটির গণমাধ্যমগুলোয় এ জনসমীক্ষার ফল প্রকাশিত হয়।
সমীক্ষার প্রতিবেদনে বলা হয়, লোকসভার ৫৪৫ আসনের মধ্যে বিজেপি ২১৫ থেকে ২২৫টি আর কংগ্রেস ১২১ থেকে ১৩২টি আসন পেতে পারে। দেশের ৩৫ দশমিক ৭ শতাংশ ভোটার বিজেপিকে ভোট দিতে আগ্রহী। আর কংগ্রেসকে ভোট দিতে আগ্রহী ১৯ দশমিক ৯ শতাংশ ভোটার। তিন নম্বরে রয়েছে মায়াবতীর বহুজন সমাজ পার্টি। দেশের ৩ দশমিক ৫ শতাংশ ভোটার মায়াবতীকে ক্ষমতায় দেখতে চান। আর তৃণমূল ও সমাজবাদী পার্টিকে দেখতে চান ২ দশমিক ১ শতাংশ ভোটার।
সমীক্ষার প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদিকে দেখতে চান ৪৫ দশমিক ৭ শতাংশ ভোটার। আর রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান ২১ দশমিক ৩ শতাংশ ভোটার। তৃতীয় ও চতুর্থ স্থানে আছেন যথাক্রমে আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল (৪ শতাংশ) ও মায়াবতী (৩ দশমিক ৭ শতাংশ)।
সমীক্ষায় আরও বলা হয়, ৬৫ দশমিক ৪ শতাংশ ভোটারের মতে এবারের নির্বাচনে মূল ইস্যু দ্রব্যমূল্য বৃদ্ধি। দ্বিতীয় অবস্থানে রয়েছে দুর্নীতি (৪৬ দশমিক ৫ শতাংশ ভোটারের মতে) ও তৃতীয় অবস্থানে সাম্প্রদায়িকতা (৬ দশমিক ৯ শতাংশ ভোটারের মতে)।