এককপ্রার্থী হিসেবে আবির্ভূত হলেন অর্থমন্ত্রীকান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানের প্রধানমন্ত্রী পদে একক ও শক্তিশালী প্রার্থী হিসেবে আবির্ভূত হয়েছেন বর্তমান অর্থমন্ত্রী নাওতো কান। গতকাল বৃহস্পতিবার মন্ত্রিসভার দুজন মন্ত্রী তাঁর প্রতি সমর্থন জানানোর পর কানের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা বেড়ে গেল। ওই দুই মন্ত্রী প্রধানমন্ত্রী পদের প্রার্থী ছিলেন। আজ শুক্রবার দলীয় বৈঠকে নাওতো কান ক্ষমতাসীন দল ডেমোক্রেটিক পার্টি অব জাপানের (ডিপিজে) প্রধান নির্বাচিত হচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। এরপর পার্লামেন্টে অনুষ্ঠিত ভোটের মাধ্যমে তিনিই প্রধানমন্ত্রী ইউকিয়ো হাতোইয়ামার স্থলাভিষিক্ত হবেন। নাওতো কান অর্থমন্ত্রীর পাশাপাশি জাপানের উপপ্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করছেন। তাঁর প্রধানমন্ত্রী হওয়ার খবরে গতকাল জাপানের শেয়ার বাজারে চাঙ্গা ভাব ফিরে এসেছে।অর্থমন্ত্রী কান দেশটির পররাষ্ট্রমন্ত্রী কাতসুয়া ওকাদার সঙ্গে দেখা করেছেন। প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে ওকাদা তাঁর শক্ত প্রতিদ্বন্দ্বী ছিলেন। তবে পররাষ্ট্রমন্ত্রী ওকাদা কানকে সমর্থন দিয়েছেন। ওকাদা বলেন, ‘আমি প্রধানমন্ত্রী হয়ে দলের সমস্যা সমাধান ও দলকে নেতৃত্ব দেওয়ার চিন্তা করেছিলাম। কান আমার সঙ্গে দেখা করার পরে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। আমি তাঁকে সমর্থন দিয়েছি।’ ওকাদা জানান, তিনি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছেন এবং এই পদেই থাকবেন। প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরেক প্রতিদ্বন্দ্বী পরিবহনমন্ত্রী সেইজি মায়েহারাও অর্থমন্ত্রী কানকে সমর্থন দিয়েছেন। সেইজি সাংবাদিকদের বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। কানের প্রতিই আমাদের সমর্থন থাকবে।’ তিনি বলেন, ‘গত বছর আমাদের দল ক্ষমতায় এসেছে। আমরা দেশের জন্য কিছু কাজ করতে চাই। কান সেই কাজ করবেন বলে নিশ্চিত করেছেন।’পার্লামেন্টের নিম্ন কক্ষে পরিবেশবিষয়ক কমিটির চেয়ারম্যান ও ডিপিজে নেতা শিনজি তারুতোকাও প্রধানমন্ত্রী পদে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন। তবে তাঁর নির্বাচিত হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।টোকিওর গাকুশুয়িন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিদেকাজু কাওয়াই বলেন, ডিপিজের সাংসদের মধ্যে কান সবচেয়ে উপযুক্ত প্রার্থী। তিনি নেতৃত্বে এলে দলে সংশয়ের কোনো কারণ থাকবে না।নির্বাচনের আগে ওকিনাওয়া দ্বীপ থেকে মার্কিন ঘাঁটি না সরানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন ইউকিয়ো হাতোইয়ামা। ওই প্রতিশ্রুতি থেকে সরে আসায় কঠোর সমালোচনার মুখে বুধবার তিনি পদত্যাগ করেন। তবে নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন। এএফপি।