এককভাবে সরকার গড়বে এনডিএ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন জোট এবার এককভাবে সরকার গঠন করবে। এবারের লোকসভা নির্বাচনে বিজেপি ও তার মিত্ররা ৫৪৩টি আসনের মধ্যে ২৭৫টি আসন পেতে পারে। এই সংখ্যা সরকার গঠনে প্রয়োজনীয় আসনের চেয়ে তিনটি বেশি। অন্যদিকে কংগ্রেস নেতৃত্বাধীন জোট ১১১টি আসন পেতে পারে। গত সোমবার এনডিটিভি প্রকাশিত সর্বশেষ জনমত জরিপে এমনই আভাস দেওয়া হয়েছে।
লোকসভা নির্বাচনে জয়-পরাজয়ের হিসাব-নিকাশ নিয়ে এনডিটিভি বেশ কয়েকটি জনমত জরিপ প্রকাশ করেছে। এই প্রথম তাদের জরিপে বিজেপির নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোটের (এনডিএ) সুস্পষ্টভাবে সংখ্যাগরিষ্ঠতা লাভের আভাস পাওয়া গেল। গত মাসে গণমাধ্যমটির প্রকাশ করা জরিপের চেয়ে এবারের জরিপে বিজেপি জোটের সম্ভাব্য আসনসংখ্যা ১৬টি বেশি দেখানো হয়েছে। এনডিটিভির পক্ষে জরিপটি পরিচালনা করেছে গবেষণা প্রতিষ্ঠান হানসা রিসার্চ।
জরিপ অনুযায়ী, নির্বাচনে প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি এককভাবে ২২৬টি আসন পাবে। এই সংখ্যা দলটির জন্য এযাবৎকালের সর্বোচ্চ এবং ১৯৯১ সালের পর যেকোনো দলের জন্যই সবচেয়ে সুখকর।
অন্যদিকে বিজেপির প্রধান প্রতিদ্বন্দ্বী ক্ষমতাসীন কংগ্রেস ইতিহাসের সবচেয়ে বাজে অবস্থানে রয়েছে। দলটি এককভাবে মাত্র ৯২টি আসন পেতে পারে বলে জরিপে উল্লেখ করা হয়। দলটির প্রাপ্ত আসনসংখ্যা কখনোই ১০০-এর নিচে নামেনি। অথচ ১০ বছর ধরে টানা ক্ষমতায় রয়েছে দলটি।
জরিপের ফলাফল অনুযায়ী, শুধু কংগ্রেস নয়, নির্বাচনে লজ্জাজনক ভরাডুবি হবে দলটির নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল মোর্চার (ইউপিএ)। এই মোর্চার আসন পাওয়ার সম্ভাবনা মাত্র ১১১টি। জরিপের ফলাফল সত্যি হলে ১৯৯৯ সালের চেয়েও খারাপ অবস্থায় চলে যাবে ইউপিএ জোট। ওই নির্বাচনে জোটটি ১১৪টি আসন পেয়েছিল।
এর আগে বিভিন্ন জনমত জরিপে অবশ্য লোকসভায় বিজেপির একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আত্মপ্রকাশ করতে যাওয়ার সম্ভাবনা উজ্জ্বল হলেও জোটগতভাবে তারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সম্ভাবনা ক্ষীণ বলে উঠে এসেছে। কেননা জোটের অন্য শরিকদের ভালো ফলাফলের সম্ভাবনা দাঁড়িয়ে আছে শুধুই বিজেপির জনপ্রিয়তার ওপর।
জরিপে বলা হয়, ২৭২ আসনে এনডিএর জয়ী হওয়ার আভাসের মূলে রয়েছে নির্বাচনে সর্বাধিক গুরুত্বপূর্ণ রাজ্য উত্তর প্রদেশে জোটের ৫১টি আসন লাভের সম্ভাবনার বিষয়টি।
ওদিকে পাঁচ বছর আগের তুলনায় এবার যে কয়টি রাজ্যে এনডিএর আরও খারাপ ফল করার সম্ভাবনা রয়েছে, তার মধ্যে আছে, কর্ণাটক (আসন হারানোর সম্ভাবনা সাতটি), ছত্তিশগড় (দুটি) ও পশ্চিমবঙ্গ (একটি)।
জরিপের ফলাফল অনুযায়ী, ইউপিএ ২০০৯ সালের তুলনায় এবার অধিকাংশ গুরুত্বপূর্ণ রাজ্যেই আসন হারাবে। এর মধ্যে সদ্য বিভক্ত অন্ধ্রপ্রদেশ অন্যতম। এবার রাজ্যটিতে ইউপিএর আসনসংখ্যা ৩৩ থেকে মাত্র ছয়টিতে নেমে আসতে পারে।
বিজেপি ও কংগ্রেসের পর তৃতীয় বৃহত্তম দল হিসেবে পশ্চিবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস ৩০টি আসন পেতে পারে। এ ছাড়া এআইএডিএমকে ২২টি, এসপি ১৪টি, বিজেডি ১৩টি, ডিএমকে ১৪টি ও বাম দল ২২টি আসন পেতে পারে। ভারতের রাজনীতিতে সম্ভাবনাময়ী দল অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি (এএপি) পেতে পারে একটি আসন (দিল্লি)। বিশ্লেষকেরা বলছেন, জরিপ অনুযায়ী এনডিএ যদি ২৭২টি আসন না পায়, সে ক্ষেত্রে জোটকে জে জয়ললিতা, এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন প্রভাবশালী আঞ্চলিক দলগুলোকে টানার প্রয়োজন হতে পারে। তামিলনাড়ুতে জয়ললিতার ও পশ্চিমবঙ্গে মমতার দলের উল্লেখযোগ্য আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। কেন্দ্রে সরকার গঠনে এসব দল দৃশ্যত দর-কষাকষি করতে পারে।
গত ফেব্রুয়ারিতে এনডিটিভির প্রকাশিত জনমত জরিপে বলা হয়েছিল, নির্বাচনে নরেন্দ্র মোদির বিজেপি ১৯৬টি এবং এনডিএ জোট ২৩০টি আসন পেতে পারে। মার্চে এই সংখ্যা বেড়ে যথাক্রমে ২১৪ ও ২৫৯টি হয়। আর সর্বশেষ জরিপে এনডিএর পক্ষে ২৭৫টি আসন লাভের কথা বলা হলো।
জরিপের ফলাফল যা-ই হোক না কেন, আগামী ১৬ মে ভোট গণনা শুরুর আগে আরও পাঁচ দফার নির্বাচন বাকি রয়েছে।
এনডিটিভির সর্বশেষ জরিপ
লোকসভার মোট আসন ৫৪৩
সরকার গড়তে দরকার ২৭২
বিজেপি ২২৬
এনডিএ জোট ২৭৫
কংগ্রেস ৯২
ইউপিএ ১১১