একজন ভালো বাবা হওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ: ওবামা
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, একজন পুরুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে একজন ভালো বাবা হওয়া। এই দায়িত্ব পালনের কাছে প্রেসিডেন্ট হিসেবে তাঁর দায়িত্ব পালনও কিছু নয়। গত রোববার বিশ্ব বাবা দিবস উপলক্ষে ই-মেইলে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। একই সঙ্গে বাবা হিসেবে পুরোপুরি দায়িত্ব পালনে তিনি সমর্থকদের প্রতি আহ্বান জানান। এই দায়িত্ব পালন করতে হবে অভিভাবক হিসেবে, সুখ-দুঃখের ভাগীদার হিসেবে, সন্তানদের চাহিদার জোগানদার হিসেবে।ওবামা তাঁর ‘ফাদারহুড অ্যান্ড মেন্টরিং ইনিশিয়েটিভ’ শীর্ষক কর্মসূচি শুরু করার এক দিন আগে এই বিবৃতি দেন। এই কর্মসূচির মাধ্যমে অভিভাবক হিসেবে বাবাদের দায়িত্ব পালনে সহায়তা করা হবে।ওবামা শুধু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টই নন, দেশের ‘ফার্স্ট ফাদারও’ তিনি। দুই কন্যা মালিয়া (১১) ও সাশার (৯) জনক তিনি। এ প্রসঙ্গে ওবামা বলেন, ‘দুই শিশুকন্যার বাবা হিসেবে আমি জানি, একজন মানুষের সাধ্যের মধ্যে যত কাজ আছে, এর মধ্যে একজন বাবা হওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ।’বাবার অভাব খুব শৈশবে ভালো করে টের পেয়েছেন ওবামা। তাঁর বয়স যখন মাত্র দুই বছর, এ সময় নাইজেরীয় বাবা তাঁকে ছেড়ে চলে যান। শিশুবয়সে বাবা না থাকার শূন্যতা কীভাবে মোকাবিলা করতে হবে, এ ব্যাপারে সচেতনতা সৃষ্টিতে তিনি জাতীয় সংলাপ চালু করেছেন। এ বিষয়ে আলোচনা করতে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের তিনি দেশের বিভিন্ন স্থানে পাঠিয়েছেন।ওবামা বলেন, ‘আমি একজন বীর মায়ের ঘরে বড় হয়েছি। আর পেয়েছি চমৎকার নানা-নানি। তাঁদের কাছ থেকে প্রয়োজনীয় সহায়তা ও ভালোবাসা পেয়েছি। শিখেছি শৃঙ্খলাবোধ। এসব আমাকে আজকের এই পর্যায়ে নিয়ে এসেছে। এর পরও আমি এক ধরনের শূন্যতা অনুভব করি, যা আমার শৈশবজুড়ে ছিল। এটি এমন এক ছিদ্র তৈরি করেছে, যা কোনো সরকারই মেরামত করতে পারবে না।’মার্কিন প্রেসিডেন্ট বলেন, সমীক্ষায় দেখা যেসব শিশু বাবার সাহচর্য ছাড়া বড় হয়, উচ্চবিদ্যালয় পর্যন্ত গিয়ে তারা ঝরে পড়ে, দুষ্কর্ম করে কারাগারে যায়, অল্প বয়সে বাবা হয়ে বসে।হোয়াইট হাউস জানায়, দায়িত্বশীল বাবা হওয়ার গুরুত্বের ব্যাপারে ওয়াশিংটনের একটি অনুষ্ঠানে তিনি আলোচনা করবেন। কীভাবে সুস্থ পরিবার ও সমাজ গড়ে তোলা যায়, এ ব্যাপারে তিনি আলোচনা করবেন। এএফপি।