
স্বাধীনতার উষালগ্নের প্রাক্কালে দখলদার পাকিস্তানি বাহিনী ও তাদের দোসর আলবদর, রাজাকারদের সহযোগিতায় অপহূত হন এ দেশের অন্যতম সূর্যসন্তান ডা. মো. ফজলে রাব্বি। ১৫ ডিসেম্বর ১৯৭১ সালে বিকেল চারটায়, সিদ্ধেশ্বরীর ‘জলপাইগুড়ি হাউস’ থেকে।
২৫ মার্চ গভীর রাতের নীরবতা ভেঙে যখন গর্জে উঠেছিল পাকিস্তানিদের অস্ত্র, ট্যাংক নামল রাজপথে। তখন আব্বা ও আম্মার কথোপকথন থেকে বুঝতে পারলাম যে তাঁরা আঁচ করতে পেরেছিলেন এমন কিছু একটা ঘটতে পারে। অসাধারণ বুদ্ধিমত্তার অধিকারী, রাজনৈতিক চেতনায় উদ্বুদ্ধ এবং সমৃদ্ধ এই বিরল ব্যক্তিত্বের অধিকারী আমাদের বাবা, সেই রাত থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত নয়টি মাস, আমাদের আরও ঘনিষ্ঠ হয়ে উঠেছিলেন চলমান তাৎক্ষণিক তথ্য, ঘটনার সঙ্গে সম্পৃক্ত হয়ে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যখন অসংখ্য আহত ও নিহত ব্যক্তির লাশ দেখে এলেন, আব্বার মুখে তখন থেকে যে বিষাদের ছায়া দেখেছিলাম, তা ভোলার নয়। রমনা থানা আক্রমণের শব্দগুলো বাসার পাশ থেকেই শোনা যাচ্ছিল আর আকাশে ছিল অগ্নস্ফুিলিঙ্গ। অন্ধকার হলেই ‘ব্ল্যাক আউট’ আর গুলির শব্দ। আমরা তিন ভাইবোনসহ আব্বা-আম্মা ড্রয়িংরুমে একত্রে বসে শুনতাম রেডিওতে স্বাধীন বাংলা বেতারের অনুষ্ঠান। কখনো আব্বা পায়চারি করতেন বড় বারান্দাজুড়ে। আর প্রায়ই বলতেন, ‘দেশের ছেলেগুলো (মুক্তিযোদ্ধা) মরে যাচ্ছে, আমি কিছুই করতে পারছি না।’
অত্যন্ত সদালাপী, মিষ্টভাষী এই বিরল ব্যক্তিত্বের সঙ্গে ছিল সমাজের সব শ্রেণীর অবাধ যোগাযোগ। স্বাধীনতার আগে থেকেই তাঁর চেম্বারে অথবা ছুটির দিনে, রাতে তাঁর ঘনিষ্ঠ বন্ধু, মুর্শেদ চাচার বাসায়ই মূলত সব আলোচনা, পরিকল্পনা হতো। তিনি প্রগতিশীল রাজনৈতিক চিন্তাধারার অনুসারী ছিলেন। চিন্তা করতেন চিকিৎসাসেবাকে গণমুখী করে কীভাবে গ্রামগঞ্জে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায়। বিশ্বাসী ছিলেন স্বদেশের স্বাধীনতায়, স্বপ্ন দেখতেন একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, দারিদ্র্য ও শোষণমুক্ত সুন্দর স্বাধীন

বাংলাদেশের।
আর তাই নিজেকে আলাদা করে রাখতে পারেননি মহান মুক্তিযুদ্ধ থেকে। বর্ডার পার হতে সাহায্য করেছেন অসংখ্য লোককে। আহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা করেছেন বাসারই নিচতলায়। নিজের একমাত্র ছেলে, তখন যার বয়স মাত্র ১৩, আমাদের সবার অগোচরে চলে গিয়েছিল মুক্তিযুদ্ধে। সেই শোকে তিনি পাথর হয়েও নিজ কর্তব্যে ছিলেন অটল। তিনি বুঝতে পেরেছিলেন এমতাবস্থায় পাকিস্তানিদের কড়া নজরে আছেন, পেয়েছিলেন ‘শনির চিঠি’ নামক মৃত্যুর পরোয়ানা। কিন্তু একটুও শঙ্কিত হননি নিজেকে নিয়ে। আম্মার কাছে বারবার খবর এসেছে, তাঁর নাম তালিকায় আছে। হেসে বলেছেন, ‘আমার কোনো শত্রু নেই।’
১৫ ডিসেম্বর আম্মা কেমন যেন একটা অজানা ভয়ে বিছানায় মুষড়ে পড়েছিলেন। আব্বা বাবুর্চিকে ডেকে চা দিতে বললেন আর আমার ছোটবোনকে পিঠে চড়িয়ে বারান্দায় এয়ার রেইড দেখাচ্ছিলেন। খুব খুশি, বলছিলেন, ‘আর বেশি দেরি নেই, আমরা স্বাধীন হয়ে যাব।’ আম্মা ঘরের ভেতর থেকে বললেন, ‘তোমরা ভেতরে এসো, গায়ে স্প্লিন্টার পড়বে।’ এমন সময় বাবুর্চি এসে বলল, ‘স্যার, বাড়ি ঘিরে ফেলেছে।’ আমাদের রুমে দরজা বন্ধ করে থাকতে বলল আম্মা। অনেকক্ষণ যখন সব চুপচাপ, আমি রুমের দরজা খুলে দোতলা থেকে দেখলাম নিচে মেইন দরজা দিয়ে আব্বা হেঁটে বেরোচ্ছেন, বাইরে অপেক্ষমাণ সাদা মাইক্রোবাস, যার কাচগুলো মাটিতে ঢাকা।
আম্মা দোতলায় মেইন গেটের কাছে প্রায় অজ্ঞান। পরে জানতে পারলাম, আব্বা শুনেই বলেছেন বাবুর্চিকে, সব দরজা খুলে দিতে, পর পর তিনটি দরজার তালা খুলে দেওয়া হলো। ওরা উর্দুতে কথা বলছিল আর আব্বা পরিষ্কার বাংলায়। আব্বা আরও বলেছিলেন, ‘আমার গায়ে হাত দেবেন না।’
এভাবেই মানবতাবাদী প্রগাঢ় ধী-শক্তিসম্পন্ন এক বিরল বুদ্ধিজীবী এবং দেশে-বিদেশে স্বনামধন্য চিকিৎসককে কুখ্যাত পাকিস্তানি বাহিনী অন্য বুদ্ধিজীবীদের সঙ্গে ১৫ ডিসেম্বর দিবাগত রাতে রায়েরবাজার বধ্যভূমিতে নির্মমভাবে হত্যা করে।
নাসরীন সুলতানা: শহীদ ডা. ফজলে রাব্বির মেয়ে