একটি আসনে প্রতিদ্বন্দ্বিতার অনুমতি পেলেন মোশাররফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের আসন্ন সাধারণ নির্বাচনে আফগান সীমান্তসংলগ্ন চিত্রাল আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি পেয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ। স্থানীয় নির্বাচন কমিশন গতকাল রোববার এই অনুমতি দিয়েছে।করাচি, ইসলামাবাদ, চিত্রল ও কাসুর—এই চার আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র দাখিল করেন মোশাররফ। এর মধ্যে করাচি ও কাসুর আসনে তাঁকে ভোটে দাঁড়ানোর জন্য অযোগ্য ঘোষণা করা হয়। ক্ষমতায় থাকাকালে ঢালাওভাবে বিচারপতিদের অপসারণ, বালুচ নেতা নওয়াব আকবর বুগতি হত্যায় ইন্ধন জোগানো এবং জাতীয় পরিচয়পত্রের স্বাক্ষরের সঙ্গে নিজের স্বাক্ষরের মিল না থাকা ইত্যাদি কারণে এই দুই আসনে তিনি অযোগ্য ঘোষিত হন। ইসলামাবাদ আসনের বিষয়েও গতকাল নির্বাচন কমিশনের চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার কথা।চিত্রালের রিটার্নিং কর্মকর্তা জামাল খান বলেছেন, ‘তাঁর কাগজপত্র ঠিক আছে। তাঁর বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো অভিযোগ প্রমাণিত না হওয়ায় আমরা তাঁর মনোনয়নপত্র বাতিল করিনি।’ আগামী ১১ মে পাকিস্তানের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।চার বছর স্বেচ্ছানির্বাসনে থাকার পর নির্বাচনে অংশ নিতে তালেবানের হুমকি ও গ্রেপ্তারের আশঙ্কা উপেক্ষা করেও গত মাসের শেষের দিকে দেশে ফেরেন মোশাররফ। ১৯৯৯ সালে এক রক্তপাতহীন অভ্যুত্থানের মধ্য দিয়ে তিনি পাকিস্তানের ক্ষমতা দখল করেন। ২০০৮ সালের পার্লামেন্ট নির্বাচনে হেরে যায় তাঁর দল। একই বছরের আগস্টে অভিসংশনের হুমকির মুখে পদত্যাগ করেন মোশাররফ। ২০০৯ সালের শুরুর দিকে সাবেক এই স্বৈরশাসক স্বেচ্ছায় নির্বাসনে যান। এএফপি।