একটি গ্রামে ওবামা জয়ী অন্যটিতে সমানে সমান
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যে দুটি ছোট্ট গ্রামে ভোটের ফলাফলে একটিতে জয়ী হয়েছেন ডেমোক্র্যাট দলের প্রার্থী বারাক ওবামা। অন্যটিতে প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান দলের প্রার্থী মিট রমনির সঙ্গে সমান ভোট পেয়েছেন তিনি।১৯৪৮ সাল থেকে এই দুই গ্রামের ভোট গ্রহণ শুরু হয় নির্বাচনের দিন প্রথম প্রহরে। সেই ঐতিহ্য ধরে রেখে এবারও এই দুই গ্রামের ভোটাররাই শুধু নির্বাচনের দিন সবার আগে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। তাই অন্যান্য অঞ্চলে ভোট গ্রহণ শুরুর আগেই এই দুই গ্রামের ভোটের ফল জানা যায়। এবারও স্থানীয় সময় গত সোমবার দিবাগত রাত ১২টায় দুই গ্রামে ভোট গ্রহণ শুরু হয়।ছোট্ট এই দুই গ্রামের একটি হলো ডিক্সভিল নচ। এখানে ১০ জন ভোটার ভোট দেন। ভোট গ্রহণ শেষ হওয়ার ৪৩ সেকেন্ড পরই ফল জানা যায়। দুই প্রার্থীই সমান পাঁচটি করে ভোট পেয়েছেন। অন্য গ্রামটি হলো হার্টস লোকেশন। এখানে পাঁচ মিনিট ৪২ সেকেন্ড সময়ের মধ্যে ৩০টি ভোট পড়ে। এর মধ্যে ২৩টি ভোট পান ওবামা। রমনির পক্ষে যায় নয়টি। আরেক প্রার্থী গ্যারি জনসন পেয়েছেন একটি ভোট। দুই গ্রাম মিলিয়ে ওবামা পেয়েছেন ২৮ ভোট। রমনি পেয়েছেন তাঁর ঠিক অর্ধেক, অর্থাৎ ১৪ ভোট।হার্টস লোকেশনের ভোটার মার্ক ডিনডর্ফ বলেন, ‘এটা আমাদের দুই গ্রামের মধ্যে একটি বন্ধুত্বমূলক প্রতিযোগিতা, যাতে কারা আগে ভোট দিয়ে ফল জানিয়ে দিতে পারে তার লড়াই হয়।’ দুই গ্রামের ভোটাররা জানান, বন্ধুত্বমূলক এই প্রতিযোগিতায় জিততে প্রথম প্রহরের প্রথম মিনিটের আগেই ভোটারের কেন্দ্রের সামনে লাইন দিয়ে দাঁড়িয়ে অপেক্ষা করেন। ডিক্সভিল নচে ভোটার কম থাকায় তাঁরা আগে ভোট দিতে সক্ষম হন এবং ফলাফলও আগে পাওয়া সম্ভব হয়।বিশ্লেষকদের মতে, ডিক্সভিল নচে যে ফল এসেছে তা বিভিন্ন জাতীয় জরিপে উঠে আসা হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাসকেই সমর্থন করে। ইউএসএ টুডে।