উত্তর প্রদেশ রাজ্যে মা সোনিয়া গান্ধী ও বড় ভাই রাহুল গান্ধীর জন্য নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন প্রিয়াঙ্কা গান্ধী। গতকাল বুধবার নির্বাচনী জনসভায় তিনি মোদিকে আক্রমণ করে বলেন, একটি দল নির্বাচনী প্রচারণা চালাচ্ছে এক ব্যক্তিকে সব ক্ষমতা দেওয়ার জন্য। কিন্তু সব ক্ষমতা একজনকে দেওয়া ভয়ংকর বিষয়।
এর আগে মঙ্গলবার নির্বাচনী প্রচারকালে স্বামী রবার্ট ভদ্রের বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগের প্রতিবাদ করেন তিনি। সেই সঙ্গে তাঁর পরিবারকে হেয় করা হচ্ছে বলেও অভিযোগ করেন। তবে গতকাল নির্বাচনী প্রচারণায় তিনি রবার্ট ভদ্রের নাম উল্লেখ করেননি। শুধু বলেন, রাজনীতিবিদেরা তাঁকে ব্যক্তিগত আক্রমণ করছেন।
এদিকে বিজেপির নেতা অরুণ জেটলি বলেন, ‘আমার ভালো লাগছে, প্রিয়াঙ্কা এমন একটি মন্তব্য করেছেন...আমি আনন্দিত যে, কংগ্রেসের কেউ একজন ব্যক্তিগত আক্রমণ বন্ধ করার কথা বললেন। আমি আশা করি, তাঁর পরিবার ও দল তাঁর এই পরামর্শ আমলে নেবে।’
স্বামী ভদ্রের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে মঙ্গলবার প্রথম মুখ খোলেন প্রিয়াঙ্কা। এনডিটিভি।