জাতিসংঘের শীর্ষস্থানীয় একজন দূত গতকাল শনিবার মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকের পর সু চি সাংবাদিকদের বলেছেন, জাতিসংঘের দূতের সঙ্গে একটি বৈঠকই যথেষ্ট নয়। আরও অনেক বৈঠক করতে হবে। মিয়ানমারে বিতর্কিত নির্বাচন হওয়ার পর এই প্রথমবারের মতো দেশটিতে গেলেন জাতিসংঘের মহাসচিব বান কি মুনের চিফ অব স্টাফ বিজয় নাম্বিয়ার।ইয়াঙ্গুনে সু চির ওই বৈঠক দুই ঘণ্টা ধরে চলে। বৈঠক প্রসঙ্গে সু চি সাংবাদিকদের বলেন, ‘বিজয় নাম্বিয়ার সঙ্গে বৈঠক করে আমি আনন্দিত। তবে আমার মনে হয়, আরও অনেক বৈঠক করতে হবে।’ এ ব্যাপারে আর বিস্তারিত কিছু বলেননি সু চি।গত ১৩ নভেম্বর দীর্ঘদিনের গৃহবন্দিত্ব থেকে মুক্তি পান মিয়ানমারের গণতন্ত্রের প্রতীক সু চি। এরপর বিভিন্ন সময় তিনি জাতিসংঘের মহাসচিব বান কি মুনসহ আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন নেতার সঙ্গে টেলিফোনে কথা বলেন।জাতিসংঘের দূত নামবিয়ার গতকাল মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী উ নিয়ান উইনের সঙ্গে দেখা করেছেন। মিয়ানমারের সরকারি কর্মকর্তারা বলছেন, নাম্বিয়ার মিয়ানমারে দুই দিন থাকবেন। তবে তিনি রাজধানী নেপিডোতে যাবেন না। এএফপি, রয়টার্স।