একটি ভাসে, অন্যটিতে আগুন জ্বলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিস্ময়কর সাইকেলই বটে। আসন নেই। আসনের জায়গা থেকে আগুন বের হয়। অন্যটিও কম নয়। পানিতে চলে এটি। সাইকেলের মতোই আসন ও প্যাডল রয়েছে এটিতে। আকর্ষণীয় এ যন্ত্র দুটি আগামী সপ্তাহে লন্ডনে প্রদর্শন করা হবে। বলা হচ্ছে, তাক লাগানো সব যন্ত্রের স্রষ্টা জেমস বন্ডও এ সাইকেল দেখে বিস্মিত হবেন। ব্যতিক্রমী সাইকেল দুটির একটির নাম দেওয়া হয়েছে বিওএনডি বা বন্ড বাইক। যুক্তরাজ্যের একটি বিমা প্রতিষ্ঠান এটি তৈরি করেছে। ৮০০ সাইকেলচালকের মতামত নিয়ে সাইকেলটি তৈরি করা হয়েছে। সাইকেল চালাতে গেলে কী কী সমস্যায় পড়তে হয়, তা তাঁদের উল্লেখ করতে বলা হয়েছে। জবাবে ৫২ শতাংশ সাইকেলচালক প্রধান সমস্যা হিসেবে গাড়ি ও লরিকে উল্লেখ করেছেন। তাঁরা বলেন, সাইকেল চালানোর সময় গাড়ি ও লরি বেশি কাছাকাছি চলে এলে তাঁদের সমস্যায় পড়তে হয়। এ সমস্যার কথা বিবেচনা করে সাইকেলে আগুনের ব্যবস্থা রাখা হয়েছে। সাইকেলের হাতলের কাছে একটি বিশেষ যন্ত্র স্থাপন করা হয়েছে, এ যন্ত্রের সাহায্যে কোনো গাড়ি অথবা লরি সাইকেলের বেশিকাছে চলে এলে আগুনের শিখা ছোড়া হবে। এতে অন্য গাড়িগুলো দূরে সরে যাবে। অনেকে রাস্তার দুরবস্থার কথা উল্লেখ করেছেন। দুর্গম পথে যাতে সাইকেল চালানো যায়, সে জন্য পেছনের চাকার সঙ্গে ট্যাংকের মতো চাকা সংযুক্ত করা হয়েছে। ফলে খানাখন্দে ভরা রাস্তায়ও এ সাইকেল চালানো যাবে। ৭ শতাংশ সাইকেলচালক বলেছেন, চুরি তাঁদের প্রধান সমস্যা। চুরি যাওয়ার পর সাইকেলটি যাতে শনাক্ত করা যায়, এ জন্য এতে কোনো আসন রাখা হয়নি।অনেকে রাস্তায় জমে থাকা বরফকে প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করেছেন। এ জন্য সাইকেলের সামনের চাকার সঙ্গে স্কি ব্লেড সংযুক্ত করা হয়েছে। বরফের ওপর দিয়ে সাইকেল চালানোর সময় চাকার পরিবর্তে স্কি ব্লেডের ব্যবস্থা রাখা হয়েছে। দ্বিতীয় সাইকেলটিও আকর্ষণীয়। পানিতে চলে এটি। তবে এর গতি বেশ কম; ঘণ্টায় তিন মাইল। ভিক্টর ডেভিড নামের এক প্রকৌশলী এটি তৈরি করেছেন। দুই বছর সময় নিয়ে তিনি এটি তৈরি করেছেন। এটিতে সাইকেলের মতোই বসার ও প্যাডল মারার ব্যবস্থা আছে। ভিক্টর ডেভিড বলেন, এ সাইকেল চালানো খুবই সহজ। যে কেউ মাত্র কয়েক মিনিটের ব্যবধানে এটি চালানোর কৌশল রপ্ত করতে পারবেন। তিনি বলেন, এটি নিরাপদ কি না, তা সময়ই বলে দেবে। তবে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটা পর্যন্ত এটিকে নিরাপদই বলা যাবে। মেইল অনলাইন।