একবিন্দুও ছাড় নয়: রুহানি
ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, ইরান তার পারমাণবিক শক্তি অর্জনের অধিকারে ‘একবিন্দুও’ ছাড় দেবে না। দেশের ধর্মীয় নেতাদের উদ্দেশে এক ভাষণে প্রেসিডেন্ট এ কথা বলেন বলে মেহর সংবাদ সংস্থা গতকাল মঙ্গলবার জানিয়েছে।
ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে রুহানি সরকারের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আলোচনার প্রাক্কালে রুহানির এ মন্তব্য এল। চলতি মাসের শেষ দিকে নিউজিল্যান্ডে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফের সঙ্গে ইইউ পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান ক্যাথরিন অ্যাশটনের মধ্যে ওই আলোচনা হওয়ার কথা।
ধর্মীয় নেতাদের উদ্দেশে হাসান রুহানি বলেন, তাঁর সরকার ইরানের পারমাণবিক সক্ষমতা অর্জনের অধিকারের ব্যাপারে ‘একবিন্দুও’ ছাড় দেবে না। ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদও ‘একবিন্দুও’ কথাটি বেশ ব্যবহার করতেন।
হাসান রুহানি আরও বলেন, জারিফের সঙ্গে অ্যাশটনের আলোচনার পর ৫+১ গ্রুপের (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, চীন, ফ্রান্স ও জার্মানি) সঙ্গে ইরানের আলোচনা অন্য একটি স্থানে অব্যাহত থাকবে। তবে আলোচনার স্থান ও সময় সম্পর্কে তিনি কিছু বলেননি।
রুহানি আন্তর্জাতিক চাপ প্রয়োগ প্রসঙ্গে বলেন, ভয়ভীতি প্রদর্শন ও চাপ প্রয়োগ করে ইরানকে তার লক্ষ্য থেকে বিচ্যুত করা যাবে না। এএফপি।