একাত্তরের জন্য এখনো অতিরিক্ত ভাড়া মহারাষ্ট্রে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশি শরণার্থীদের ত্রাণসহায়তা হিসেবে মুম্বাইয়ে ট্রেনযাত্রী ও রাষ্ট্রীয় গণপরিবহনে ভাড়ার ওপর অতিরিক্ত ১৫ পয়সা সারচার্জ আরোপ করে মহারাষ্ট্র রাজ্য সরকার। চার দশক পরও মুম্বাইয়ের ট্রেনযাত্রীদের সেই অতিরিক্ত পয়সা গুনতে হচ্ছে।
এ বিষয়টির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন মুম্বাইয়ের হাইকোর্ট। গতকাল শনিবার এ বিষয়ে ব্যাখ্যা দিতে সরকারকে নির্দেশ দিয়েছেন আদালত।
মুম্বাই হাইকোর্টের বিচারক এস জে বাজিফদার ও বি পি কোলাবাওয়ালা সারচার্জ বাবদ সংগৃহীত ৪৪২ কোটি রুপি কীভাবে ব্যয় হয়েছে, তা একটি হলফনামার মাধ্যমে বিস্তারিত দেখাতে সরকারের প্রতি নির্দেশ দিয়েছেন। মুম্বাইয়ের থানের একজন সামাজিক আন্দোলনের কর্মী বিক্রান্ত চন্দ্রহাসের দায়ের করা জনস্বার্থের (পিআইএল) মামলায় আদালত ওই সব আদেশ দেন। টাইমস অব ইন্ডিয়া।