একুশ শতকের ঘনিষ্ঠতম অংশীদার হবে দুই দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, তাঁর দেশ ভারতের সঙ্গে ‘একুশ শতকের অন্যতম ঘনিষ্ঠ অংশীদারের সম্পর্ক’ প্রতিষ্ঠায় সামনে এগিয়ে যেতে পারে। তিন দিনের এক সফরে গতকাল সোমবার মুম্বাই পৌঁছে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের কর্মকর্তারা বলেছেন, প্রধানমন্ত্রী ক্যামেরন মূলত ব্যবসায়িক সম্পর্ক জোরদারের লক্ষ্য নিয়ে দেশের বাইরে এ যাবৎকালের বৃহত্তম বাণিজ্য প্রতিনিধিদল নিয়ে এই সফরে গেছেন। প্রতিনিধিদলে রোলস রয়েস, বিএই সিস্টেমস, বিপি, ব্রিটিশ মিউজিয়াম ও লন্ডনস আন্ডারগ্রাউন্ডের মতো বিখ্যাত প্রতিষ্ঠানের প্রতিনিধিরা রয়েছেন।মুম্বাই পৌঁছে এরই মধ্যে ক্যামেরন ভারতের ব্যবসায়ীদের জন্য যুক্তরাজ্যের ভিসা-প্রক্রিয়া সহজ করার ইঙ্গিত দিয়েছেন। সফরের শুরুতেই মুম্বাইয়ে বহুজাতিক প্রতিষ্ঠান ইউনিলিভারের সদর দপ্তরে এক প্রশ্নোত্তর পর্বে অংশ নেন তিনি। এ সময় উপস্থিত শ্রোতাদের উদ্দেশে তিনি বলেন, ‘ভারতের এগিয়ে যাওয়া, এই শতকের একটি অন্যতম উল্লেখযোগ্য ঘটনা হতে চলেছে। আর এটি অবিশ্বাস্যরকম দৃষ্টি আকর্ষণকারী।’ডাউনিং স্ট্রিটের কর্মকর্তারা বলেন, সম্প্রতি যুক্তরাজ্যের ভিসা আইন কঠোর করা নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে সেটি নিরসন করাও প্রধানমন্ত্রী ক্যামেরনের এই সফরের আরেক লক্ষ্য।ক্যামেরন আরও বলেন, যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনার জন্য ভারতীয় শিক্ষার্থীদের আসার ক্ষেত্রে কোনো সংখ্যাগত সীমাবদ্ধতা নেই। তাঁদের যদি ইংরেজি ভাষায় দক্ষতা থাকে, তবে তাঁরা অনায়াসে যুক্তরাজ্যে পড়তে আসতে পারবেন। বিবিসি।