একে অন্যের ওপর দোষ চাপাচ্ছে সংশ্লিষ্ট তিনটি কোম্পানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের কাছে মেক্সিকো উপসাগরে তেলক্ষেত্রে বিস্ফোরণের ঘটনায় ওই তেলক্ষেত্রের সংশ্লিষ্ট তিনটি কোম্পানি এখন একে অন্যের ওপর দোষ চাপাচ্ছে। এ দুর্ঘটনার কারণ জানতে এবং ভবিষ্যতে এ ধরনের কোনো দুর্ঘটনা রোধে গত সোমবার ওয়াশিংটনের ক্যাপিটল হিলে মার্কিন সিনেটের দুটি কমিটির সামনে প্রথম শুনানি হয়। ওই শুনানিতে এ পারস্পরিক দোষারোপের ঘটনা ঘটে।শুনানিতে ওই তেলক্ষেত্রের মালিক কোম্পানি ব্রিটিশ পেট্রোলিয়াম (বিপি), তেল উত্তোলনের জন্য নির্মিত রিগের মালিক কোম্পানি ট্রান্সওসেন ও সাগরের তলদেশ থেকে তেল তোলার জন্য অবকাঠামো নির্মাণের দায়িত্ব পাওয়া কোম্পানি হ্যালিবার্টনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গত মাসের শেষ দিকে মেক্সিকো উপসাগরে ওই তেলক্ষেত্রে বিস্ফোরণ ঘটে এবং সাগরে তেল ছড়িয়ে পড়তে শুরু করে। এতে ওই অঞ্চলের সাগর ও উপকূলীয় এলাকার জীববৈচিত্র্যের ওপর পরিবেশগত হুমকি তৈরি হয়েছে।বিপি আমেরিকার প্রধান নির্বাহী ল্যামার ম্যাককেই সিনেটরদের বলেন, দুর্ঘটনা সামাল দেওয়ার পরিকল্পনা রয়েছে আমাদের এবং এটা কাজ করছে। তবে তিনি স্বীকার করেন, সতর্কতার ব্যাপারে নজরদারি কার্যক্রম ব্যর্থ হয়েছে। তিনি আরও জানান, সমুদ্রপৃষ্ঠ থেকে তেল অপসারণের জন্য তাঁদের কার্যক্রম পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে।ল্যামার বলেন, তেলক্ষেত্র থেকে তেল বের হয়ে আসা বন্ধ করতে সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে আরেকটি বিকল্প কূপ খনন। আর এ কাজটি ঠিকভাবে শেষ করতে করতে বর্তমান কূপ থেকে প্রায় এক কোটি ৯০ লাখ মার্কিন গ্যালন তেল বের হয়ে আসবে। এর আগে সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার সময় বিপি কর্মকর্তা বলেছিলেন, এ দুর্ঘটনার ক্ষতিপূরণের দায় মার্কিন কোম্পানি ট্রান্সওসেনের। কারণ, তারাই তেলক্ষেত্রটি পরিচালনা করত। এদিকে ট্রান্সওসেন বলছে, তেলক্ষেত্রে অবকাঠামো নির্মাণের দায়িত্ব ছিল হ্যালিবার্টন কোম্পানির। তাদের কাজে ত্রুটির কারণে ওই বিস্ফোরণ হয়েছে। এ ব্যাপারে হ্যালিবার্টনের স্বাস্থ্য, নিরাপত্তা ও পরিবেশ-বিষয়ক কর্মকর্তা টিম প্রোবার্ট বলেন, তাঁরা বিপির নির্দেশনা ও চাহিদানুযায়ী কাজ করেছেন।শুনানিতে তিনটি কোম্পানিই স্বীকার করেছে, উপসাগরে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা আর ঘটবে না, এমন কোনো নিশ্চয়তা তারা দিতে পারছে না। এতে সিনেটররা ক্ষোভ প্রকাশ করেছেন। আলাস্কার রিপাবলিকান দলীয় সিনেটর লিসা মুরকোস্কি বলেন, ‘আপনারা নিরাপদে কাজ করতে পারবেন, এ ব্যাপারে জনগণকে নিশ্চয়তা দিতে না পারলে শুধু বিপি না, ট্রান্সওসেন ও হ্যালিবার্টনও সাগর থেকে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের কাজ পাবে না।’কমিটির সদস্যদের জিজ্ঞাসাবাদে তিনটি কোম্পানির কর্মকর্তারাই স্বীকার করেছেন, সাগরের গভীরে ছড়িয়ে-পড়া তেল সরিয়ে নেওয়ার উপায় নিয়ে তাঁরা কোনো ধরনের গবেষণা এখনো শুরু করেননি। গার্ডিয়ান অনলাইন।