এয়ারএশিয়ার ফ্লাইট কিউজেড ৮৫০১ নিখোঁজ হয় গত রোববার। সেদিন থেকে পরের তিন দিনে বিশ্বের বিভিন্ন এলাকায় বিমান পরিবহনে ঘটেছে ছোট-বড় আরও কয়েকটি বিপত্তি।
এয়ারএশিয়া ফিলিপিন্সের ফ্লাইট ইজেডডি ৩৫১: এয়ারএশিয়া ফিলিপিন্সের ফ্লাইট ইজেডডি ৩৫১ ফিলিপাইনের মধ্যাঞ্চলীয় তাগবিলারান শহরের একটি বিমানবন্দর থেকে রোববার সকালে উড্ডয়ন করে। টায়ারে সমস্যা দেখা দেওয়ায় তাৎক্ষণিকভাবে জরুরি অবতরণ করে এটি।
পোর্টার এয়ারলাইনসের তিনটি: কানাডার পোর্টার এয়ারলাইনসের ফ্লাইট পিডি ৫৩৯ গত রোববার টরন্টোর বিলি বিশপ বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। তবে আকাশে ওড়ার পরপরই এর ভেতরে ধোঁয়া দেখা দেয়। এরপর বাধ্য হয়ে টরন্টোর পিয়ারসন বিমানবন্দরে জরুরি অবতরণ করে উড়োজাহাজটি। পোর্টার এয়ারলাইনসের আরেক ফ্লাইট পিডি ৫৩ একই দিন থান্ডার বে থেকে টরন্টো যাচ্ছিল। তবে পাইলট ককপিটে অস্বাভাবিক কিছু একটা খেয়াল করার পর ‘সতর্কতাস্বরূপ’ পিয়ারসন বিমানবন্দরে জরুরি অবতরণ করেন। একই দিন সংস্থাটির আরেকটি উড়োজাহাজ টরন্টো থেকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে যাচ্ছিল। কেবিনে ধোঁয়া দেখা দেওয়ার পর সেটিকে পেনসিলভানিয়ার উইলিয়ামসপোর্ট শহরের দিকে ঘুরিয়ে দেওয়া হয়।
ভার্জিন আটলান্টিকের ফ্লাইট ভিএস ৪৩: ভার্জিন আটলান্টিকের ফ্লাইট ভিএস ৪৩ সোমবার যুক্তরাজ্যের গ্যাটউইক বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের উদ্দেশে যাত্রা শুরু করে। তবে ল্যান্ডিং গিয়ারে সমস্যা হলে একটু পরেই ফিরে এসে জরুরি অবতরণ করে।
আমেরিকান এয়ারলাইনসের ফ্লাইট ৯১৬: আমেরিকান এয়ারলাইনসের ফ্লাইট ৯১৬ সোমবার কলম্বিয়ার রাজধানী বোগোতা থেকে যুক্তরাষ্ট্রের মায়ামির উদ্দেশে ছেড়ে যায়। তবে যান্ত্রিক সমস্যার কারণে উড়োজাহাজটি গতিপথ পাল্টে জ্যামাইকার কিংসটনে যায়।
এয়ারএশিয়ার ফ্লাইট এফডি ৩২৫৪: এয়ারএশিয়ার ফ্লাইট এফডি ৩২৫৪ গতকাল মঙ্গলবার থাইল্যান্ডের ব্যাংকক থেকে উত্তর-পূর্বাঞ্চলীয় খোন কায়েন শহরে যাচ্ছিল। তবে পাইলট মালপত্র রাখার স্থানে ‘অনিয়ম’ দেখার পর উড়োজাহাজটিকে ব্যাংককে ফিরিয়ে আনেন।
সূত্র: এএফপি ও ইন্ডিপেনডেন্ট