এখন অবসর নেওয়ার কোনো প্রশ্নই নেই: মনমোহন সিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছেন, এখন অবসর নেওয়ার কোন প্রশ্নই নেই। তবে তিনি মাঝে মাঝে অনুভব করেন যে রাহুল গান্ধীর মতো তরুণদের দেশের দায়িত্ব নেওয়া উচিত। গতকাল সোমবার কংগ্রেস নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল মোর্চার (ইউপিএ) দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার প্রথম বর্ষপূর্তি উপলক্ষে এক জাতীয় সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। নয়াদিল্লিতে বিজ্ঞান ভবনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে মনমোহন সিং মাওবাদীদের সহিংসতা, জম্মু-কাশ্মীর ইস্যুসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন। সম্মেলনে দেশি, বিদেশি ৫০০ সাংবাদিক উপস্থিত ছিলেন।মনমোহন বলেন, ‘মাঝেমধ্যে আমি অনুভব করি, তরুণ নেতাদের দায়িত্ব নিতে হবে। কংগ্রেস পার্টির পছন্দের কোনো নেতার হাতে দায়িত্ব বুঝিয়ে দিতে পারলে আমি খুব খুশি হব।কংগ্রেসের সাধারণ সম্পাদক রাহুলের কর্মকাণ্ডের প্রশংসা করে মনমোহন সিং (৭৭) বলেন, বর্তমান মন্ত্রিসভায় রাহুল না থাকার কারণ তিনি নিজেই। রাহুল স্বেচ্ছায় মন্ত্রী হননি। কিন্তু মন্ত্রীর পদ পাওয়ার যোগ্যতা তাঁর রয়েছে।প্রধানমন্ত্রী বলেন, মন্ত্রীর পদ নিয়ে রাহুলের সঙ্গে কয়েকবার আলোচনা হয়েছে তাঁর। এ ব্যাপারে কখনো তিনি ইতিবাচক জবাব দেননি। রাহুল তাঁকে বলেন, তাঁর কাজ হচ্ছে কংগ্রেস দলকে চাঙা করে তোলা। এ কাজটি তিনি খুব ভালোভাবেই করছেন। মনমোহন আরও বলেন, এটা বিশ্বাস করার অনেক কারণ আছে যে আমরা আমাদের মেয়াদ পূর্ণ করতে পারবো।মনমোহন কখন প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে পারেন—সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনে তিনি পুরোপুরি মনোনিবেশ করেছেন। এ কাজ শেষ না হওয়া পর্যন্ত অবসর নেওয়ার প্রশ্নই ওঠে না।