এখন তিনি নিজেই অন্যের সহায়
২৯ বছর বয়সী ব্রিটিশ তরুণী ডাভিনিয়া ডগলাস। ২০০৫ সালের ৭ জুলাই লন্ডনের এজওয়ার রোড স্টেশনে ভয়াবহ বোমা হামলার ঘটনায় তাঁর মুখমণ্ডল মারাত্মকভাবে পুড়ে যায়। ওই হামলায় ৫২ জন নিহত হয়। চিকিৎসকেরা ডাভিনিয়ার ঝলসে যাওয়া সেই মুখমণ্ডল প্রায় স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে এনেছেন। লন্ডনের চেলসির ও ওয়েস্ট মিনিস্টার হাসপাতালের চিকিৎসকেরা এ কাজটি করতে সক্ষম হন। এখন ডাভিনিয়া নিজেই পুড়ে যাওয়া মানুষের সহায়তার লক্ষ্যে একটি তহবিল প্রতিষ্ঠায় সাহায্য করছেন। নিজের অসহায়ত্ব ঘুচিয়ে এখন তিনি নিজেই অন্যের সহায়।ভয়াবহ ওই হামলায় নিহত ব্যক্তিদের স্মরণে গতকাল লন্ডনের হাইড পার্কে অনানুষ্ঠিক স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়। নিহত ব্যক্তিদের স্বজনেরা ফুল দিয়ে তাদের শ্রদ্ধা জানান। তাঁরা আনুষ্ঠানিকভাবে কোনো কর্মসূচি না নেওয়ায় হতাশা প্রকাশ করেন। ডাভিনিয়া ওই দিনের ভয়াবহ স্মৃতিরও বর্ণনা দেন। তিনি বলেন, ‘ট্রেন স্টেশন ছেড়ে যাওয়ার মুহূর্তে প্রচণ্ড বিস্ফোরণ ঘটে। আমি দেখতে পাই, একটি আগুনের গোলা আমার বাঁ-দিক থেকে ছুটে ডান দিকে যাচ্ছে। খুব দ্রুত তা ডান দিক থেকে আবার বাঁ-দিকে ছুটে যায়। কেউ বুঝতে পারছিলাম না, ঠিক কী ঘটেছে। আমি স্পষ্ট করে কিছু দেখতেও পারছিলাম না।’ পরে ডাভিনিয়ার ঝলসে যাওয়া মুখের ছবি প্রকাশ করা হয়। সেরে ওঠা প্রসঙ্গে ডাভিনিয়া বলেন, ‘আমি হতাশ হয়ে পড়েছিলাম। মনে করেছিলাম আমার জীবন শেষ। তবে চিকিৎসকেরা আমাকে আগের অবস্থায় ফিরিয়ে আনেন।আগুনে পুড়ে যাওয়া ব্যক্তিদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে একটি তহবিল গড়ার উদ্যোগ নেওয়া হয়। এতে প্রয়োজন হলে তারা মানসিক সহায়তাও পাবে। চেলসি অ্যান্ড ওয়েস্ট মিনিস্টার হেলথ চ্যারিটি নামের ওই তহবিলের জন্য এক লাখ পাউন্ড অর্থ সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে অর্ধেক অর্থ সংগ্রহ করা হয়েছে। ডাভিনিয়া বলেন, ‘আমি এই তহবিল গঠনে সহায়তা করব। আমি জানি পুড়ে যাওয়া ব্যক্তিদের ওপর মানসিক ও সামাজিক প্রভাব পড়ে।’বার্ন ইউনিট পরিচালনাকারী সার্জন গ্রেগ উইলিয়ামস বলেন, ‘আমরা জাদুকর নই। তবে যা পারি তা করার চেষ্টা করি।’ তিনি জানান, এমন রোগীদের মানসিক সহায়তারও প্রয়োজন হয়। কারণ আহত হওয়ার পর থেকেই সমাজের সঙ্গে তাদের দূরত্ব সৃষ্টি হতে থাকে। দ্য সান।