এখন ভরসা একটি জাহাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্যাটেলাইট-চিত্রে দক্ষিণ ভারত মহাসাগরে দেখা যাওয়া দুটি বস্তু সবার মধ্যে আশার আলো সঞ্চারিত করেছে। তবে অস্ট্রেলিয়ার সমুদ্র নিরাপত্তা কর্তৃপক্ষের (এএমএসএ) মুখপাত্র জন ইয়ং সতর্ক করে দিয়েছেন, বস্তু দুটি মালয়েশিয়ার নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ হতে পারে, আবার না-ও হতে পারে।
অস্ট্রেলীয় উপকূলীয় শহর পার্থ থেকে আড়াই হাজার কিলোমিটার বা এক হাজার ৫৫৩ মাইল দক্ষিণ-পশ্চিমে বস্তু দুটির অস্তিত্ব পাওয়া গেছে। এগুলো এখন তীরে এনে পরীক্ষা-নিরীক্ষা করার চিন্তাভাবনা চলছে। কিন্তু কীভাবে?
এ ব্যাপারে ইয়ং শুনিয়েছেন আশার কথা, সৌভাগ্যবশত বস্তু দুটির অদূরেই একটি জাহাজ অবস্থান করছে। ওই জাহাজই পারে পরবর্তী পদক্ষেপ নিতে।
মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর সাবেক বিশেষজ্ঞ জেফ বেটি বলেন, এই জাহাজের ওপর একটি হেলিকপ্টার অবতরণ করতে পারলে প্রথম উদ্ধার অভিযানের মূল হাতিয়ার হতে পারে এটি।
বস্তু দুটির সন্ধানে দক্ষিণ ভারত মহাসাগরে হেলিকপ্টার ও ডুবুরি দল মোতায়েনের পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র। কিন্তু উদ্বেগের বিষয় হচ্ছে, যত দ্রুত সম্ভব ককপিট ভয়েস রেকর্ডার ও ফ্লাইট ডেটা রেকর্ডার খুঁজে বের করতে হবে। পাশাপাশি ব্যাটারিচালিত জরুরি লোকেটর ট্রান্সমিটারও খুঁজে পেতে হবে।
হোয়াই প্লেনস ক্রাশ: অ্যান অ্যাকসিডেন্ট ইনভেস্টিগেটর ফাইটস ফর সেইফ স্কাইস বইয়ের লেখক ডেভিড সোসি বলেন, জরুরি লোকেটর ট্রান্সমিটারটি এখনো চালু থাকতে পারে। এটি পাওয়া গেলে বিমানটি কোথায় বিধ্বস্ত হয়েছে, তা জানা যাবে। তবে এসব যন্ত্র ধ্বংসাবশেষ থেকে ফিরে পাওয়া কঠিন।
সোসি বলেন, ফ্লাইট ডেটা রেকর্ডার পাওয়া গেলে বিমানের যাত্রার প্রথম ২৫ ঘণ্টার সব তথ্য পাওয়া যাবে। এতে প্রায় ১৭ হাজার তথ্য ধারণ হয়। আর ককপিট ভয়েস রেকর্ডারের ক্ষেত্রে একটা প্রযুক্তিগত সমস্যা আছে। যন্ত্রটির প্রথম কয়েক ঘণ্টার তথ্য স্বয়ংক্রিয়ভাবে মুছে যায়। এতে মাত্র শেষ দুই ঘণ্টার তথ্য সংগৃহীত থাকে। সিএনএন।