তিক্তমধুর অনুভূতির মধ্য দিয়ে মহাশূন্যে প্রথম যান পাঠানোর ৫০ বছর পূর্তি আজ সোমবার উদ্যাপন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। প্রথম দেশ হিসেবে চাঁদে মানুষ পাঠানো যুক্তরাষ্ট্র মহাশূন্যে নভোচারী পাঠাতে এখন রাশিয়ার ওপর সম্পূর্ণ নির্ভরশীল।টানা ১০ বারের চেষ্টা-ব্যর্থতায় পর্যুবসিত হওয়ার পর মার্কিন নভোচারী জন গ্লেন ১৯৬২ সালের ২০ ফেব্রুয়ারি সকাল নয়টা ৪৭ মিনিটে ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল উৎক্ষেপণ কেন্দ্র থেকে একটি অ্যাটলাস রকেটে করে মাত্র পাঁচ ঘণ্টায় পৃথিবীর চারপাশ প্রদক্ষিণ করেন। সোভিয়েত নভোচারী ইউরি গ্যাগারিন মহাকাশ ভ্রমণে সফল হওয়ার এক বছরের মাথায় ওই কৃতিত্ব অর্জন করেন গ্লেন।এ সাফল্য মহাকাশ গবেষণার দৌড়ে যুক্তরাষ্ট্রকে আত্মবিশ্বাসী করে তোলে। রাতারাতি জাতীয় নায়কে পরিণত হন গ্লেন। তবে সেই মিশনকে কেন্দ্র করে রাজনৈতিক প্রতিবন্ধকতা আজও ভোলেননি বর্তমানে নব্বইয়ে পা দেওয়া গ্লেন।তবে এখন যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসার নিজস্ব কোনো মনুষ্যবাহী নভোযান নেই। গত বছরের জুলাইয়ে নাসার সর্বশেষ শাটলযান তুলে নেওয়ার পর থেকেই মহাশূন্যে যুক্তরাষ্ট্রের নভোচারী আনা-নেওয়ার জন্য তাকিয়ে থাকতে হচ্ছে রাশিয়ার সয়্যুজ যানের দিকে। এ ঘটনায় ব্যথিত, এখন অবসরে যাওয়া নভোচারী গ্লেন ও কার্পেন্টার। এএফপি।