এখনো অনেক কাজ করার আছে: কাস্ত্রো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিউবার সমাজতান্ত্রিক বিপ্লবের নেতা ফিদেল কাস্ত্রো বলেছেন, ‘আমার এখনো অনেক কাজ করার আছে।’ তিনি বলেন, ‘বেঁচে থাকার ইচ্ছা তো আমি ত্যাগই করেছিলাম। নিজেকে বারবার প্রশ্ন করেছি চিকিৎসকেরা এভাবে আমাকে জীবিত রাখবে, নাকি মরতে দেবে।’ গত সোমবার মেক্সিকোর বামপন্থী পত্রিকা লা জরনাদায় প্রকাশিত পাঁচ ঘণ্টার এক সাক্ষাৎকারে কাস্ত্রো এসব কথা বলেন।চার বছর ধরে রোগশয্যায় ছিলেন ৮৪ বছর বয়সী কাস্ত্রো। ২০০৬ সালে দেশের শাসনভার তিনি ছোট ভাই রাউল কাস্ত্রোর কাছে হস্তান্তর করেন। জনসমক্ষে না থাকলেও কিউবার জনগণের কাছে এখনো ফিদেল কাস্ত্রোই মূল নেতা। রোগশয্যা থেকে তিনি মাঝেমধ্যে দলীয় পত্রিকার জন্য নিবন্ধ লিখেছেন। বহির্বিশ্বের কোনো সংবাদমাধ্যমে তাঁর সাক্ষাৎকার প্রদান খুবই বিরল ঘটনা বলে মনে করা হচ্ছে।লা জরনাদায় প্রকাশিত সাক্ষাৎকারে কাস্ত্রো বলেন, মৃত্যুর দ্বারপ্রান্ত থেকে তিনি ফিরে এসেছেন। তাঁর শরীরের ওজন ৬৬ কেজিতে নেমে গিয়েছিল। এখন শারীরিক অবস্থার উন্নতি ঘটেছে। তাঁর ওজন এখন ৮৬ কেজি।পত্রিকার ভাষ্যমতে, কাস্ত্রো এখন বইপত্র নিয়ে মগ্ন থাকেন। প্রতিদিন অন্তত ৩০০টি সংবাদ পড়েন তিনি। জীবনসায়াহ্নে এমন প্রয়াস কেন—এমন প্রশ্নের জবাবে কাস্ত্রো বলেন, ‘বিশ্বের চলমান চাঞ্চল্যে আমি অনুপস্থিত থাকতে চাই না।’চার বছরের মধ্যে গত মাসে তিনি জনসমক্ষে প্রথম আসেন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরমাণু অস্ত্র নিয়ে উত্তেজনা প্রশমনে বিবৃতি দিয়ে আলোড়ন সৃষ্টি করেন কাস্ত্রো।পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে কাস্ত্রো বলেন, পরমাণু অস্ত্রের নিয়ন্ত্রণে যুদ্ধবিরোধী একটি আন্তর্জাতিক আন্দোলন তিনি গড়ে তুলতে চান।