এখনো আলোচনা চালাচ্ছেন মে?

নর্দান আয়ারল্যান্ডের রক্ষণশীল দল ডেমোক্রেটিক ইউনিয়নিস্ট পার্টির (ডিইউপি) সঙ্গে সমঝোতা করে সরকার গঠন নিয়ে শুরুতেই হোঁচট খেলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে। গতকাল শনিবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিবৃতি দিয়ে জানানো হয়, ডিইউপির সঙ্গে সমঝোতা হয়ে গেছে। কিন্তু মধ্যরাতে পাল্টা বিবৃতি দিয়ে ডিইউপি জানায়, সমঝোতা হয়নি; এখনো আলোচনা চলছে।
কনজারভেটিভ পার্টির নেতা থেরেসা মের প্রধানমন্ত্রী পদে বহাল থাকা নিয়ে নানা অনিশ্চয়তার মধ্যেই এই কাণ্ড ঘটল।
গত বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারায়। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৩২৬ আসন থেকে ৮ আসন দূরে আছে দলটি। যে কারণে মে ১০ আসন জেতা ডিইউপির সঙ্গে জোটের ঘোষণা দেন।
গতকাল শনিবার কনজারভেটিভ প্রতিনিধিদল ডিইউপির সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করে। এরপর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়, ‘কনফিডেন্স অ্যান্ড সাপ্লাই’ বা সংসদে ইস্যুভিত্তিক প্রয়োজনীয় সমর্থনের ভিত্তিতে উভয় পক্ষ সম্মত হয়েছেন। কিন্তু মধ্যরাতে ডিইউপি এক বিবৃতিতে জানায়, জোটের নানা রূপরেখা নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু সমঝোতা হয়নি। চলতি সপ্তাহজুড়ে ওই আলোচনা চলতে পারে বলে ইঙ্গিত দিয়েছে তারা।
এদিকে ডিইউপির সঙ্গে আনুষ্ঠানিক জোট গঠন নিয়ে কনজারভেটিভ পার্টির মধ্যে বিরোধিতা আরও জোরালো হয়েছে। সমকামী সম্পর্ক, গর্ভপাত ও জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন বিষয়ে ডিইউপির নেতিবাচক অবস্থানের কারণে কনজারভেটিভ পার্টির পেছন সারির এমপিরা ঘোর আপত্তি তুলেছেন। বর্তমান সংসদে ৪৫ জন সমকামী (এলজিবিটি) এমপি নির্বাচিত হয়েছেন। এর মধ্যে কনজারভেটিভ পার্টিরই আছেন ১৯ জন।