এখনো খাবার মজুদ করেন মেরকেল
জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মেরকেল স্বীকার করেছেন, পূর্ব ও পশ্চিম জার্মানি একত্র হওয়ার দুই দশক পরও খাবার মুজদ করে রাখার অভ্যাস ত্যাগ করতে পারেননি তিনি। কারণ এটি তাঁর ভেতরে মিশে গেছে। জার্মান সাময়িকী সুপারইলুকে দেওয়া মেরকেলের সাক্ষাৎকারের বরাত দিয়ে এ কথা জানিয়েছে ব্রিটিশ পত্রিকা ডেইলি মেইল।খবরে বলা হয়, ৫৬ বছর বয়সী মেরকেল বড় হয়েছেন পূর্ব জার্মানিতে। তিনি এখনো কাপড় ধোয়ার জন্য তৎকালীন পূর্ব জার্মানির একটি তরল সাবান ব্যবহার করেন এবং সেখানকার সোলজানকা স্যুপ তৈরি করেন। মেরকেল বলেন, ‘অনেক সময়ই আমি এ ধরনের পণ্যগুলো না কিনে থাকতে পারি না। শুধু চোখে পড়ে বলেই অনেক সময় এগুলো কিনে ফেলি, হয়তো তখন আমার এগুলোর দরকার নেই।’ আজ ৩ অক্টোবর দুই জার্মানির এক হওয়ার ২০ বছর পূর্তি উদ্যাপনকে সামনে রেখে এই সাক্ষাৎকার দেন তিনি।কমিউনিস্ট শাসনামলের স্মৃতি মনে করে জার্মান চ্যান্সেলর বলেন, ‘জমিয়ে রাখার এই অভ্যাস আমার মধ্যে গেঁথে গেছে। কারণ অতীতে আকালের সময় যা পাওয়া যেত, তা-ই সংগ্রহ করতে হতো আমাদের।’ পিটিআই।