এখনো দুই কোটি ৭০ লাখ মানুষের দাসত্বের জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বজুড়ে প্রায় দুই কোটি ৭০ লাখ মানুষ দাসত্বের জীবন যাপন করছে। মানব পাচার বিষয়ে যুক্তরাষ্ট্রের বার্ষিক প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়। গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ওই প্রতিবেদন প্রকাশ করেন। প্রতিবেদনে বলা হয়, মানুষের জীবনযাত্রার চরম নিম্নমানের বিষয়ে বিভিন্ন দেশের সরকার এখন আগের চেয়ে বেশি সচেতন। এ ব্যাপারে কঠোর আইন করা হচ্ছে এবং ভুক্তভোগীদের সহায়তা দেওয়া হচ্ছে।হিলারি ক্লিনটন বলেন, যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশে আইনিভাবে দাসপ্রথার অবসান হয়েছে। তবে দুর্ভাগ্যের বিষয়, বিশ্বজুড়ে মানুষের দাসত্ব এখনো পুরোপুরি শেষ হয়নি। আজও প্রায় দুই কোটি মানুষ আধুনিক দাসত্বের শিকার। বিষয়টিকে মানব পাচার বলেও উল্লেখ করা হয়। নারী, পুরুষ ও শিশুরা এই অমানবিক নির্যাতনের শিকার হচ্ছে। চলতি বছর মার্কিন প্রতিবেদনে বলা হয়, বিশ্বের ১৮৫টি দেশের মধ্যে মাত্র ৩৩টি দেশে মানব পাচার প্রতিরোধে কঠোর আইন রয়েছে। মিয়ানমার ও ভেনেজুয়েলাসহ পাঁচটি দেশ কালো তালিকা থেকে এ বছর সরে এসেছে। তবে ওই দেশগুলো এখন পর্যবেক্ষণের আওতাধীন ৪২টি দেশের অন্তর্ভুক্ত হবে। সিরিয়া প্রথমবারের মতো কালো তালিকাভুক্ত হয়েছে। ওই তালিকায় থাকা অন্য দেশগুলোর মধ্যে রয়েছে আলজেরিয়া, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, লিবিয়া, উত্তর কোরিয়া ও সৌদি আরব। এ ক্ষেত্রে পরিস্থিতির উন্নতি হয়েছে ২৯টি দেশে। এএফপি।