এখনো নায়ক থাকসিন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থাইল্যান্ডের দারিদ্র্যপীড়িত উত্তর-পূর্বাঞ্চলের বাসিন্দা পিচিট পিমা। একসময় তিনি ধান চাষ করতেন। কিন্তু ধান চাষ করতে গিয়ে হিমশিম খাচ্ছিলেন পিচিট। লাভের মুখ দেখছিলেন না তিনি। দিশেহারা পিচিট সাত বছর আগে স্বল্প সুদে ঋণ নিয়ে শুরু করলেন মাশরুমের চাষ। এভাবেই বদলে গেল তাঁর জীবন। তিনি এখন অনেক ভালো আছেন। স্বল্প সুদে ঋণ দেওয়ার একটি প্রকল্প হাতে নিয়েছিলেন তত্কালীন প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা। ওই প্রকল্প থেকেই ঋণ নিয়েছিলেন পিচিট।তাঁর বড় ছেলে এখন ব্যাংককে যোগ্যতার সঙ্গে তড়িৎ প্রকৌশলী হিসেবে কাজ করছেন—বলেন গর্বিত বাবা পিচিট পিমা। তিনি বলেন, তাঁর জীবন এখন আগের চেয়ে অনেক ভালো।উজ্জ্বল রং-করা নতুন বাড়ির সামনে দাঁড়িয়ে দুবার নির্বাচিত প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার প্রশংসা করলেন পিমা (৪৭)। কম সুদের ওই ঋণ প্রকল্পের প্রশংসা করে তিনি বলেন, ‘ওই প্রকল্পই আমার জীবন বদলে দিয়েছে।’ উচ্ছ্বাসভরে তিনি আরও বলেন, থাকসিন ছিলেন সমাজ বদলের একজন মহান কারিগর। কারণ তিনি দরিদ্র মানুষকে সহায়তা করেছেন।২০০৬ সালে এক অভ্যুত্থানে থাকসিন সিনাওয়াত্রা ক্ষমতাচ্যুত হন। কারাদণ্ড এড়াতে বর্তমানে তিনি বিদেশে অবস্থান করছেন। দুর্নীতির দায়ে থাকসিনকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।থাকসিনের বিরুদ্ধে দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের ব্যাপক বিস্তৃত অভিযোগ থাকা সত্ত্বেও তাঁর সমর্থকেরও অভাব নেই। থাকসিনের সমর্থকেরা এখন গণবিক্ষোভের পরিকল্পনা করছেন।থাকসিন সমর্থকদের দাবি, তিনিই প্রথম প্রধানমন্ত্রী, যিনি অবহেলিত উত্তর-পূর্বাঞ্চলের সাধারণ মানুষের চাহিদা যথাযথভাবে পূরণ করেছেন। গ্রামবাসী তোংশ্রি ইয়োথকিয়াও (৫৫) বলেন, ‘আমাদের যুগে আমরা থাকসিনের মতো কাউকে দেখিনি। তিনি আমাদের নায়ক।’ এই নারী ধান চাষ করলেও তাঁদের একটি ছোট ফুল উৎপাদনের খামার রয়েছে।নিজের গলার দিকে ইঙ্গিত করে তোংশ্রি বলেন, তাঁর থাইরয়েড অস্ত্রোপচারে খরচ হয়েছে এক মার্কিন ডলারেরও কম। ২০০১ সালে থাকসিন সিনাওয়াত্রা ক্ষমতায় আসার পর একটি স্বাস্থ্যপরিচর্যা প্রকল্প চালু করেন। ওই প্রকল্পের কারণেই তোংশ্রির এত কম খরচে ওই অস্ত্রোপচার সম্ভব হয়েছে। এএফপি।