এখনো বিমানবন্দরেই স্নোডেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এডওয়ার্ড স্নোডেন
এডওয়ার্ড স্নোডেন

মার্কিন গোপন নজরদারির তথ্য ফাঁস করে হইচই ফেলে দেওয়া মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) সাবেক কর্মী এডওয়ার্ড স্নোডেনকে এখনো রাশিয়ার শেরেমেতিয়েভো বিমানবন্দর ছাড়ার প্রয়োজনীয় কাগজপত্র দেওয়া হয়নি। এতে সেখানেই তাঁকে অবস্থান করতে হচ্ছে। অথচ গতকাল তাঁকে এ অনুমতি দেওয়া হয়েছিল বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়। আজ বৃহস্পতিবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্নোডেনের রুশ আইনজীবী আনাতোলি কুচেরেনা সাংবাদিকদের জানান, তাঁর মক্কেল এখনো মস্কোর শেরেমেতিয়েভো বিমানবন্দরের ট্রানজিট এলাকায় অবস্থান করছেন। এর আগে বিমানবন্দরের কর্মকর্তারা জানিয়েছিলেন, স্নোডেনের আইনজীবী তাঁকে বিমানবন্দর ছাড়ার প্রয়োজনীয় নথিপত্র সরবরাহ করেছেন।
লাখ লাখ ফোনকল ও অনলাইন তৎপরতায় মার্কিন প্রশাসনের গোপন নজরদারির তথ্য ফাঁস করে গত ২০ মে যুক্তরাষ্ট্র থেকে চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংয়ে যান স্নোডেন। গত ২৩ জুন তিনি হংকং ছেড়ে রাশিয়া যান। মার্কিন কর্তৃপক্ষ তাঁর পাসপোর্ট বাতিল করায় ওই বিমানবন্দর থেকে বের হওয়ার কোনো বৈধ কাগজপত্র নেই স্নোডেনের কাছে। তখন থেকে স্নোডেন মস্কোর শেরেমেয়িতেভো বিমানবন্দরের ট্রানজিট এলাকায় অবস্থান করছেন।
গতকাল বুধবার কুচেরেনা বিমানবন্দরে স্নোডেনের সঙ্গে দেখা করেন। এরপর তিনি এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন, স্নোডেন এখনই বিমানবন্দর ছাড়তে পারছেন না। রাশিয়ায় তাঁর সাময়িক আশ্রয়ের বিষয়টি সম্পন্ন করার প্রক্রিয়া এখনো শেষ হয়নি।
কুচেরেনা জানান, এখনই বিমানবন্দর ছাড়ার কোনো পরিকল্পনা তাঁর (স্নোডেন) নেই। তবে তিনি বিমানবন্দর ছাড়ার বিষয়ে ‘উদ্বিগ্ন’। তিনি রাশিয়ায় সাময়িক আশ্রয় চেয়েছেন। এতে ইতিবাচক সাড়া পাওয়া গেলে তিনি এক বছর রাশিয়ায় থাকতে পারবেন। শিগগিরই এ পরিস্থিতির অবসান হবে বলে কুচেরেনা আশাবাদী।