এখনো যোগাযোগই করেনি সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের তালেবান জঙ্গিরা গতকাল শুক্রবার বলেছে, আলোচনার ব্যাপারে সরকারের সঙ্গে এখনো তাদের কোনো যোগাযোগই হয়নি। তালেবানের সঙ্গে শানিন্ত আলোচনা শুরু হয়েছে বলে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মন্তব্যের পরদিন তালেবান একথা জানালো।
রাষ্ট্রের বিরুদ্ধে তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) ছয় বছরের রক্তক্ষয়ী হামলায় কয়েক হাজার মানুষ নিহত হয়েছে। তালেবানের হামলা বন্ধ করে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাচ্ছেন নওয়াজ। আলোচনা চালিয়ে যেতে তিনি গত মাসে দেশটির প্রধান রাজনৈতিক দলগুলোর সমর্থন পান। ক্ষমতাধর সেনাপ্রধানও নওয়াজকে সমর্থন জানান।
সরকারি কর্মকর্তারা গত বৃহস্পতিবার বলেন, ‘সংলাপের প্রক্রিয়া’ শুরু হলেও কোনো আনুষ্ঠানিক কথাবার্তা এখনো হয়নি।
টিটিপির মুখপাত্র শহীদুল্লাহ শহীদ বলেন, তাঁরা এখনো কোনো আলোচনার প্রস্তাব পাননি। তিনি বলেন, ‘এখনো কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করেননি। সরকার কেবল গণমাধ্যমেই প্রচার করছে, কিন্তু শান্তি আলোচনা এখনো শুরু হয়নি।’
শহীদ বলেন, শান্তি আলোচনা শুরু হওয়া মানে হলো টেবিলে বসে নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করা। কিন্তু এখনো সে রকম কিছু হয়নি।
বৃহস্পতিবার লন্ডনে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ বলেন, তালেবান জঙ্গিদের সঙ্গে আলোচনা শুরু হয়েছে। এএফপি।