এখনো শ্বাসকষ্টে চাভেজ
ক্যানসারের চিকিৎসা নিয়ে কিউবা থেকে দেশে ফিরে আসার পরও শ্বাস-প্রশ্বাসের সমস্যায় ভুগছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চাভেজ। ভেনেজুয়েলার তথ্যমন্ত্রী আর্নেস্তো ভিলিগাস গতকাল শুক্রবার এ কথা জানিয়েছেন। তিনি জানান, কারাকাসের একটি সামরিক হাসপাতালে এখন চাভেজের চিকিৎসা চলছে।চাভেজ ক্যানসারের চিকিৎসা নিতে সর্বশেষ গত ১১ ডিসেম্বর কিউবায় গিয়েছিলেন। সেখানে চতুর্থ দফায় তাঁর দেহে অস্ত্রোপচার করা হয়। এর পর থেকে তিনি শ্বাসতন্ত্রের গুরুতর সংক্রমণে ভুগছেন বলে জানা যায়। তবে তিনি গত সোমবার আকস্মিকভাবে দেশে ফিরে আসেন। দেশে ফেরার পর এই প্রথম তাঁর শারীরিক অবস্থার খবর দাপ্তরিকভাবে বিবৃতি দিয়ে জানানো হলো।টেলিভিশনে প্রচারিত এক সাক্ষাৎকারে ভিলিগাস বলেন, ‘অস্ত্রোপচার-পরবর্তী সময়ে চাভেজ যে শ্বাসকষ্টে ভুগছিলেন, তা এখনো অনুকূলে আসেনি। তাই এখনো ওই সমস্যার চিকিৎসা চলছে।’ এদিকে ইকুয়েডরের প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়া বলেছেন, অস্ত্রোপচারের পর চাভেজ সেরে উঠছেন। তবে তাঁকে যদি প্রেসিডেন্টের পদ থেকে সরে দাঁড়াতেও হয়, তাহলে তাঁর ভাইস প্রেসিডেন্ট নিকোলা মাদুরো তেলসমৃদ্ধ এই দেশটি পরিচালনায় ‘যথার্থভাবেই সক্ষম’ হবেন। গত বৃহস্পতিবার রাজধানী কুইটোতে এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। তিনি এও বলেন, চাভেজ সরে দাঁড়ালে কারাকাসে ক্ষমতার পালাবদল গণতান্ত্রিক পদ্ধতিতে হবে বলে তিনি বিশ্বাস করেন।চাভেজ ১৪ বছর দেশের ক্ষমতায় রয়েছেন। এ ছাড়া গত বছরের অক্টোবরের নির্বাচনে তিনি পরবর্তী ছয় বছরের জন্য পুনর্নির্বাচিত হন। তবে শারীরিক অসুস্থতার কারণে তিনি এখনো শপথ নিতে পারেননি। অসুস্থতার কারণে তিনি আবার সক্রিয় রাজনীতিতে ফিরতে পারবেন কি না, তা নিয়েও সংশয় দেখা দিয়েছে। রয়টার্স ও বিবিসি।