এখনো সংকটাপন্ন ম্যান্ডেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেল থেকে মুক্তির পর দক্ষিণ আফ্রিকার কেপটাউনে ১৯৯০ সালের ১২ ফেব্রুয়ারি প্রথম সংবাদ সম্মেলনে ম্যান্ডেলা  এএফপি
জেল থেকে মুক্তির পর দক্ষিণ আফ্রিকার কেপটাউনে ১৯৯০ সালের ১২ ফেব্রুয়ারি প্রথম সংবাদ সম্মেলনে ম্যান্ডেলা এএফপি

দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ-বিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার শারীরিক অবস্থা এখনো ‘সংকটাপন্ন, তবে স্থিতিশীল’। দেশটির প্রেসিডেন্ট জ্যাকব জুমা গতকাল শনিবার এ কথা জানিয়েছেন। তবে জুমা আশা প্রকাশ করেন, ম্যান্ডেলার অবস্থার আরও উন্নতি হবে। তিনি বলেন, ‘অভিজ্ঞ ও দক্ষ চিকিৎসকেরা ম্যান্ডেলার চিকিৎসা করছেন। আমরা আশা করছি, শিগগিরই তিনি হাসপাতাল ছাড়তে পারবেন।’ফুসফুসের সংক্রমণে আক্রান্ত হওয়ার পর ৯৪ বছর বয়সী ম্যান্ডেলাকে ৮ জুন রাজধানী প্রিটোরিয়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়। গত সপ্তাহে চিকিৎসকেরা জানান, ফুসফুসের সমস্যা ছাড়াও তাঁর কিডনি ঠিকমতো কাজ করছে না এবং যন্ত্রের সাহায্যে কৃত্রিমভাবে তাঁকে শ্বাস-প্রশ্বাস দেওয়া হচ্ছে।এদিকে দক্ষিণ আফ্রিকা সফররত মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গতকাল ম্যান্ডেলাকে দেখতে হাসপাতালে যাননি। তিনি হাসপাতালে গেলে ম্যান্ডেলার ‘শান্তি ও স্বাচ্ছন্দ্যে’ ব্যাঘাত ঘটতে পারে বলে জানান ওবামা। তবে তিনি ম্যান্ডেলার দুই মেয়ে ও কয়েকজন নাতি-নাতনিসহ তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। স্ত্রী গ্রাসা ম্যান্ডেলার সঙ্গেও ফোনে কথা বলেন। এ ছাড়া ম্যান্ডেলার প্রতি শ্রদ্ধার নিদর্শন হিসেবে রোবেন দ্বীপের সেই কারাকক্ষটি গতকাল পরিদর্শনে যাওয়ার কথা ছিল ওবামার। ওই কক্ষেই ম্যান্ডেলা তাঁর কারাজীবনের ২৭ বছর কাটিয়েছেন।গতকাল ওবামাকে স্বাগত জানানোর সময় প্রেসিডেন্ট জ্যাকব জুমা বলেন, ‘আমরা এমন একটি সময় আলোচনায় বসছি, যখন আমাদের দেশের প্রথম গণতান্ত্রিক প্রেসিডেন্ট ম্যান্ডেলা গুরুতর অসুস্থ।’জুমা ওবামাকে বলেন, ‘আমি জানি, তিনিই (ম্যান্ডেলা) আপনার নায়ক। নিজ নিজ দেশের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে ইতিহাসেও আপনারা অনন্য। আফ্রিকার কোটি কোটি মানুষের স্বপ্ন সফল করেছেন আপনারা দুজন।’ এ সময় ওবামা বলেন, বর্ণবাদের বিরুদ্ধে ম্যান্ডেলার দীর্ঘ লড়াই তাঁর কাছে অনুপ্রেরণার উৎস। ম্যান্ডেলার নৈতিক সাহস সারা বিশ্বের মানুষকে অনুপ্রেরণা জোগায়। আমেরিকাসহ সারা বিশ্বের মানুষ ম্যান্ডেলা ও তাঁর পরিবারের পাশে আছে।

 ১৯৯০ সালে কারামুক্তির পর ১৯৯৪ সালের নির্বাচনে বিজয়ী হয়ে ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হন। এর আগে ১৯৯৩ সালে তিনি শান্তিতে নোবেল পুরস্কার পান। এএফপি ও রয়টার্স।